মিরপুরের জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে রোববার (১৯ অক্টোবর) আগমন করেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের শাইখুল হাদিস হজরত মাওলানা শফিকুর রহমান জালালাবাদী।
আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও অন্যান্য উস্তাদগণ আন্তরিকভাবে তাঁকে স্বাগত জানান।
তাঁর আগমন উপলক্ষে মাদরাসা মসজিদে এক গুরুত্বপূর্ণ নসিহত সভা অনুষ্ঠিত হয়। নসিহতে তিনি ছাত্রদের উদ্দেশে বলেন, ‘দীনি ইলম অর্জন শুধু তথ্য জানার নাম নয়; বরং এটি আত্মশুদ্ধি, আমলের দৃঢ়তা ও আল্লাহভীতির মাধ্যমে নিজের অন্তরকে পরিশুদ্ধ করার এক মহান উপায়। ছাত্রজীবনে পরিশ্রম, খোদাভীতি ও উত্তম আখলাক অর্জনে যত বেশি মনোযোগী হবে, আল্লাহ তায়ালা ততই তাদেরকে দ্বীনের বড় খিদমতগার বানাবেন।’
তিনি আরও বলেন, ‘দুনিয়ার লোভ-লালসা ও খ্যাতির চিন্তা পরিহার করে শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে ইলম অর্জন করতে হবে; কারণ ইখলাস ছাড়া কোনো আমলই কবুল হয় না।’