বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


দুই মাদক কারবারিকে সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চাঁদপুর প্রতিনিধি

মাদক মামলায় একাধিকবার গ্রেপ্তার, কারাভোগ ও জামিনে মুক্তির পরও স্বাভাবিক জীবনে ফিরতে পারছিলেন না দুই ব্যক্তি। বারবার একই অপরাধে জড়িয়ে পড়ায় তাদের বিরুদ্ধে চলছিল আইনি প্রক্রিয়াও। এবার তাদের জীবনে পরিবর্তন আনতে প্রচলিত আইনি ব্যবস্থার পাশাপাশি ভিন্ন এক উদ্যোগ নিয়েছে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় ওই দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠিয়েছেন চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের জালাল ও হেলাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা হয়েছে এবং বিভিন্ন সময়ে তারা গ্রেপ্তারও হয়েছেন। তবে জামিনে মুক্ত হওয়ার পর আবারও মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িয়ে পড়তেন বলে স্থানীয়দের অভিযোগ।