সিলেট প্রতিনিধি
কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। একই সঙ্গে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় কানাইঘাট উপজেলার আগতালুক মাঝতালুক পাঁচপীর হাফিজিয়া মাদ্রাসা মিলনায়তনে উপজেলা জমিয়তের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের পক্ষ থেকে নিহত পাঁচ প্রবাসীর পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
নিহতরা হলেন কানাইঘাট উপজেলার আমরপুর গ্রামের জিবান আহমেদ (৩৫), নিজ গাছবাড়ী গ্রামের আবদুল কাদির (৩০), মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান (২৭), জুবায়ের আহমেদ (২৮) এবং আগতালুক গ্রামের জসিম উদ্দিন (৩৮)। গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। পরে ৩০ জুন তাদের মরদেহ দেশে এনে নিজ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, প্রবাসীরা পরিবারের সুখ-সমৃদ্ধির স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিলেন। কিন্তু তাদের লাশ হয়ে ফিরে আসতে হয়েছে, যা অত্যন্ত হৃদয়বিদারক। এসব শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো সমাজের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।
তিনি বলেন, নিহতদের এতিম সন্তানদের শিক্ষা যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। তাদের বই, খাতা, কলম, যাতায়াত ব্যয় ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রীর ব্যবস্থা করতে দলীয়ভাবে এবং প্রবাসীদের সহযোগিতায় কার্যক্রম পরিচালনা করা হবে।
এ সময় তিনি স্থানীয় বিত্তবানদের অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং পরিবারগুলোর সার্বিক সহযোগিতা ও তদারকির জন্য একটি কমিটি গঠনের ঘোষণাও দেন।
হাফেজ রফিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন জমিয়তের সেক্রেটারি মাওলানা বুরহান উদ্দীন।
এতে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সিলেট উত্তর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, কানাইঘাট উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, সহ-সেক্রেটারি মাওলানা হারুন রশীদ, কেন্দ্রীয় যুব জমিয়ত নেতা মাওলানা কালিম মাহফুজ, ওমান জমিয়ত নেতা মাওলানা জাহিদ নাছির, আলহাজ বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীনসহ স্থানীয় আলেম-উলামা, জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবী এবং নিহত পাঁচ পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানের শেষে নিহতদের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
আইও/