কক্সবাজার প্রতিনিধি
দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ ও দাওয়াতি কাফেলা গাজীপুর-এর যৌথ উদ্যোগে কক্সবাজারের পেকুয়া ও রামু উপজেলায় আয়োজিত দুই দিনব্যাপী (২৫-২৬ তারিখ) ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে।
কক্সবাজার জেলাধীন চকরিয়া থানার পেকুয়া ইউনিয়নের পূর্ব মেহেরনামা সরকারি স্কুল প্রাঙ্গণে প্রথম দিনের ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবকদের মানবিক সংগঠন ‘শেখর’-এর সার্বিক সহযোগিতায় এই ক্যাম্প পরিচালিত হয়। পেকুয়ার পূর্ব মেহেরনামায় বন্যা পরবর্তী সময়ে কোনো ধরনের সহায়তা না পৌঁছানোর বিষয়টি বিবেচনায় নিয়ে সেখানে এই মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়।
কক্সবাজারের রাজারকুল রামুতে অবস্থিত আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার প্রাঙ্গণে দ্বিতীয় দিনের ক্যাম্প অনুষ্ঠিত হয়। রাজারকুলের অভাবি ও দরিদ্র মানুষের কথা বিবেচনা করে ওলামায়ে কেরামের সাথে পরামর্শক্রমে এই ক্যাম্প বাস্তবায়ন করা হয়। ক্যাম্পের শুরুতে উদ্বোধনী ভাষণ ও আলোচনা করেন আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কক্সবাজার জেলা সভাপতি হযরত মাওলানা মুহসিন শরীফ (হাফিজাহুল্লাহ)। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের এলাকার জন্য এই জাতীয় মেডিকেল ক্যাম্পের প্রয়োজন রয়েছে এবং মানবসেবার এই কাজ আলেমদের আরও বেশি বেশি করা উচিত। এটি অনেক বড় খেদমত।
সকাল থেকেই চিকিৎসা প্রত্যাশী নারী, পুরুষ, শিশু ও প্রবীণদের উপচে পড়া উপস্থিতিতে ক্যাম্প প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সাধারণ মানুষ অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে চিকিৎসাসেবা গ্রহণ করেন। অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং বিনামূল্যে ঔষধ বিতরণের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সহস্রাধিক মানুষ উপকৃত হয়েছেন।
উভয় ক্যাম্পে অত্যন্ত ধৈর্য ও হাস্যোজ্জ্বল চেহরায় সেবা প্রদান করেন ডা. এম শিহাব উদ্দিন (এমবিবিএস, এফসিজিপি, এমপিএইচ, পিজি হাসপাতাল, ঢাকা) এবং ডা. শরীফ মো. আল আমিন রেজা (এমবিবিএস, মিটফোর্ড মেডিকেল কলেজ)।
ডায়াবেটিস ও ওজন পরিমাপে ছিলেন মুফতি আকরাম হোসাইন নাঈমী, মাওলানা শাহেদ ও মাওলানা আব্দুর রহমান। ঔষধ বিতরণ করেন মুফতি তারিকুজ্জামান, মাওলানা ইয়াসিন ও জনাব আতিকুর রহমান। শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন নুরুজ্জামান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চট্টগ্রাম দাওয়া ও মারকাজের জিম্মাদার মাওলানা আব্দুল বাছির ও মাওলানা মুহাম্মদ শুরাইম।
এছাড়া শেখর মানবিক সংগঠনের যুবকদের এবং আজিজুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহসিন শরীফের আন্তরিক আপ্যায়ন ও সার্বিক সহযোগিতা আয়োজকদের বিশেষভাবে মুগ্ধ করে।
দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের চেয়ারম্যান মুফতি জুবায়ের বিন আব্দুল কুদ্দুস বলেন, আমরা মূলত বন্যার্ত মানুষের চিকিৎসাসেবার নিয়তে এসেছিলাম। পেকুয়ার পূর্ব মেহেরনামায় কোনো সহায়তা না পৌঁছানোয় আমরা সেখানে ক্যাম্প করি। আলহামদুলিল্লাহ, উভয় ক্যাম্পে সহস্রাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ পেয়েছেন।
তিনি এই মানবিক উদ্যোগ সফল করতে যারা শ্রম, সময়, অর্থ ও দোয়ার মাধ্যমে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আল্লাহ তায়ালার দরবারে এই ক্ষুদ্র সেবা কবুল করার ও আখেরাতের নাজাতের উসিলা বানানোর জন্য মুনাজাত করেন।