|| ইবনে সাবের ||
আগামী ৮ আগস্ট (শনিবার) থেকে সিলেট বিভাগের বেফাকভুক্ত কওমি মাদরাসাগুলোর বার্ষিক পরিদর্শন কার্যক্রম শুরু করতে যাচ্ছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)। পরিদর্শনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, হিসাব বিভাগের কার্যক্রম এবং বোর্ড-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তদারকি করা হবে।
বেফাক সূত্রে জানা গেছে, ২৪ সফর ১৪৪৮ হিজরি মোতাবেক ৮ আগস্ট ২০২৬ থেকে এ কার্যক্রম শুরু হবে। বেফাকের আওতাভুক্ত সিলেট বিভাগের নিবন্ধিত মাদরাসাগুলো পর্যায়ক্রমে এ পরিদর্শনের আওতায় আসবে।
পরিদর্শনের অংশ হিসেবে হিফজ বিভাগ এবং কিতাব বিভাগের বেফাকভুক্ত বিভিন্ন মারহালার—ইবতিদাইয়্যাহ, মুতাওয়াসসিতাহ, সানাবিয়্যাহ, ফযীলত ও তাকমীলসহ—শিক্ষার্থীদের মৌলিক কিতাব থেকে মৌখিক মূল্যায়ন করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং বোর্ড পরীক্ষায় ভালো ফল অর্জনের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হবে।
এ ছাড়া মাদরাসার হিসাব বিভাগের কার্যক্রম, অডিট, প্রশাসনিক ব্যবস্থাপনা ও অন্যান্য দাপ্তরিক বিষয়ও পরিদর্শন করা হবে। একই সঙ্গে মাদরাসার হালনাগাদ তথ্য সংগ্রহ এবং বোর্ড-সংশ্লিষ্ট নির্ধারিত ফি আদায়ের কার্যক্রমও পরিচালিত হবে।
পরিদর্শনকালে বেফাকের পক্ষ থেকে মাদরাসাগুলোকে প্রয়োজনীয় বিভিন্ন সেবাও দেওয়া হবে। এর মধ্যে রয়েছে—নিসাবনামা, মাকাদিরে আসবাক, হিফজ বিভাগের নেসাব, বিভিন্ন নির্দেশনামূলক ফরম ও ভাউচার ব্যবস্থাপনা-সংক্রান্ত নির্দেশিকা সরবরাহ, নতুন মাদরাসা নিবন্ধন, মারহালা পরিবর্তন এবং বৃত্তি-সংক্রান্ত ফরম বিতরণসহ বোর্ড-সংশ্লিষ্ট অন্যান্য সেবা।
বেফাক কর্তৃপক্ষ সিলেট বিভাগের সব নিবন্ধিত মাদরাসাকে পরিদর্শকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে নির্ধারিত সময়ে পরিদর্শন কার্যক্রম সম্পন্ন এবং এ কাজে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
এ ছাড়া যেসব নতুন মাদরাসার পরিদর্শন বিষয়ে পূর্ব অভিজ্ঞতা নেই বা যারা বার্ষিক ফি ও অন্যান্য প্রস্তুতি সম্পর্কে আগাম জানতে চান, তাদের নির্ধারিত পরিদর্শকদের সঙ্গে আগে থেকেই যোগাযোগ করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আইও/