মাওলানা আনিছুর রহমান আনছারী
ইতিকাফের পরিচয়
ইতিকাফ (اعتكاف) শব্দটি আরবি, যা عكف মূল ধাতু থেকে উৎকলিত। এর অর্থ হলো- অবস্থান করা। ইসলামি শরিয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয়, নিয়ত সহকারে বিশেষ বৈশিষ্ট্যের সাথে একাগ্রচিত্তে মসজিদে অবস্থান করাকে।
ইতিকাফের গুরুত্ব ও তাৎপর্য
ইসলামে ইতিকাফের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে বলেন,'আর আমি ইবরাহিম ও ইসমাঈল (আঃ)কে নির্দেশ দিলাম যে, আমার ঘরকে তাওয়াফকারী ও ইতিকাফকারীদের জন্য পবিত্র কর।'( সূরা বাকারা- ১২৫ )
অপর আয়াতে আল্লাহ পাক বলেন-
‘তোমরা স্ত্রীদের সাথে মেলা-মেশা করো না যখন তোমরা মসজিদে ইতিকাফ কর। ' ( সূরা বাকারা - ১৮৭)।
অন্তরকে একমাত্র আল্লাহর প্রতি মনোনিবেশ করার জন্য ইতিকাফ এক চমৎকার প্রশিক্ষণ। সুন্নাতসম্মত পন্থায় দুনিয়া বিরাগী হওয়ার এবং লাইলাতুল কদর তালাশ করার ক্ষেত্রে ইতিকাফ এর বিকল্প নেই। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজান মাসে ইতিকাফ করতেন।
আর উম্মতের জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। যদি কোন মহল্লা থেকে একজন ব্যক্তি আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু যদি মহল্লার কেউ আদায় না করে তাহলে সকলেই গুনাহগার হবে।
একাধিক হাদিসে এসেছে -
عن عائشة رضي الله عنها، أن رسول الله صلى الله عليه وسلم قال: تحروا ليلة القدر في الوتر، من العشر الاواخر من رمضان.
'হযরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল ক্বদর তালাশ কর।' ( বুখারী শরীফ, হাদিস নং ১০৭২)।
عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم، أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الاواخر من رمضان حتى توفاه الله، ثم اعتكف أزواجه من بعده.
'রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর স্ত্রী আম্মাজান হযরত আয়েশা রা. হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ( বুখারী শরীফ, হাদিস নং - ১৯৮১)।
অন্য হাদিসে এসেছে,
عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذ دخل العشر أحيا الليل و أيقظ أهله وجد و شد المءزر.
' হযরত আয়েশা রা. থেকে বর্ণিত তিনি বলেন, রমযানের শেষ দশক শুরু হওয়ার সাথে সাথে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারারাত জেগে থাকতেন ও নিজ পরিবারের সদস্যদের ঘুম থেকে জাগাতেন এবং তিনি নিজেও ইবাদতের জোড় প্রস্তুতি নিতেন। ( সহিহ মুসলিম, বাবুল ই'তিকাফ)