আওয়ার ইসলাম ডেস্ক: অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেরুসালেমে মসজিদুল আকসায় একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী জোর করে প্রবেশ করে 'নীরব প্রার্থনা' করেছে।
রোববার ইসরায়েলি পুলিশের পাহারায় এই বসতি স্থাপনকারীরা মসজিদুল আকসায় প্রবেশ করে বলে জানায় ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি।
ওয়াফার খবরে বলা হয়, মসজিদের দক্ষিণ-পশ্চিমের আল-মাগরাবি গেট দিয়ে ওই ইহুদি বসতিস্থাপনকারীদের দল মসজিদে প্রবেশ করে।
খবরে বলা হয়, মসজিদুল আকসার তত্ত্বাবধানকারী ইসলামি ওয়াকফ বিভাগের কর্মীরা বসতি স্থাপনকারীদের প্রার্থনায় নিষেধ করার চেষ্টা করলেও ইসরায়েলি পুলিশ তাদেরকে বাধা দেয়।
এর আগে গত মঙ্গলবার ইসরায়েলের এক নিম্ন আদালত মসজিদুল আকসার ভেতরে কোনো ইহুদি 'নীরবে প্রার্থনা' করলে তাতে কোনো অপরাধ হবে না বলে আদেশ জারি করেন।
ইসরাইলি আদালতের ওই আদেশের জেরে আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানালে ইসরাইলের কেন্দ্রীয় আদালত ওই আদেশ বাতিল করে বলে ইসরাইলি সংবাদমাধ্যমে জানানো হয়।
ফিলিস্তিনি আইনজীবী খালেদ জাবারকা অবশ্য জানান, ইসরাইলি নিম্ন আদালতের ওই আদেশ কেউই বাতিল করেনি।
তিনি বলেন, 'জনমতকে ভুলপথে চালিত করতেই' ইসরাইলি সংবাদমাধ্যমে এই খবর দেয়া হয়।
খালেদ জাবারকা বলেন, 'এখনো পর্যন্ত ওই বিচারকের মসজিদ কমপ্লেক্সে ইহুদিদের নীরব প্রার্থনার অনুমতিকে বাতিল করে কোনো আদালত আদেশ দেয়নি।'
জেরুসালেমের মসজিদুল আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীর পরই এই মসজিদকে মুসলমানরা মর্যাদা দেন।
অপরদিকে 'টেম্পল মাউন্ট' হিসেবে পরিচিত এই স্থাপনাটি ইহুদিদের কাছেও পবিত্র স্থান। এই স্থানে ইহুদিরা তাদের প্রধান ধর্মীয় উপসনালয় থাকার দাবি করেন।
১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর জেরুসালেম শহরের পশ্চিম অংশ দখল করে নেয় ইসরাইলি বাহিনী। পরে ১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর মসজিদুল আকসাসহ পূর্ব জেরুসালেম ইসরাইল দখল করে নেয়। আন্তর্জাতিক আইনে অধিকৃত ভূমি হিসেবে বিবেচিত হলেও ১৯৮০ সালে ইসরাইল শহরটিকে একীভূত করে নেয় এবং অখণ্ড জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করে। বিভিন্ন সময় শহরটিতে থাকা ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইসরাইলি ইহুদিদের শহরে আবাসনের প্রচেষ্টা চালিয়ে আসছে ইসরাইলি কর্তৃপক্ষ।
বিভিন্ন উগ্র ইহুদি সংগঠনগুলোও প্রায়ই মসজিদুল আকসা ভেঙে এখানে ইহুদি মন্দির প্রতিষ্ঠার দাবি করে আসছে। অপরদিকে ২০০৩ সালের পর থেকে প্রায়ই ইসরাইলি মসজিদে প্রবেশ করে তাণ্ডব চালিয়ে আসছে।
সূত্র: ইয়েনি শাফাক
এনটি