সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

আহমেদ তানভীর-এর পাঁচটি কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ahmed_tanvir

ফিরে এসো না আর

ফিরে যাও, দোহাই লাগে
ফিরে চেয়ো না
ফিরে এসো না আর

ভেতরে তোমার অদৃশ্য বিষাদ
বাহিরে তোমার বিরহী ভ্রমর
পলকে তোমার অনন্ত দহন

দোহাই লাগে, ফিরে যাও তুমি
ফিরে চেয়ো না-
এই বিরহী সড়কে
জড়িয়ে ধরো না-
এই বাকলহীন বৃক্ষের একাকী শরীর

তোমাকে দেবার উপযোগী
একটি মাত্র গোলাপের দামে
অনায়াসে কেনা যায়-
মায়ের জন্য তিনদিনের হাঁপানির ট্যাবলেট

‘ফিরে যাও, ফিরে যাও’
বলতে বলতে ভীষণ রকম ক্লান্ত আমি...
প্লিজ, ফিরে যাও তুমি
ফিরে এসো না আর

কে দাঁড়ায় বিরহী জানালায়

অন্ধকার মেখে এসে-
কে দাঁড়ায় বিরহী জানালায়
দেখেও দেখে না তাকে কানামাছি চোখ
আঁধারে আঁধার ভাসে
চোখের শিয়রে ঘুমেরা পালায়
ভাবনার মেঘেরা ভাবে- চোখাচোখি হোক

উদাসী মনের খোঁয়াড়
ইচ্ছে-সড়কে আঙুল রেখে হাঁটে
অবাক তুলিতে ক্যানভাস জুড়ে আঁকে
খোঁয়াড়ে এসেছে জোয়ার
ছুরির ফলায় হৃদয় ভীষণ কাটে
অবিরাম তবু ভালোবেসে যাই তাকে

ভেতর খুলে দেখতে যদি

বোকা দু’চোখ দেখছো বলেই ভাবছো তুমি-
বোধকরি সে প্রেম বুঝে না

প্রেমের গ্রামার তার ভেতরেও দারুণ খেলে
এক্কাদোক্কা একাই খেলে
হাতের মুঠোয় বিকেল নিয়ে
ইচ্ছেমতো দিচ্ছে ঢেলে
চোখ দুটো তার বোকার মতোন
ভেতর খুলে দেখতে যদি বুঝতে তবে-
দারুণ ছেলে- ভীষণ রকম দারুণ ছেলে

তোমার প্রেমে হাবিজাবি সেই ছেলেটা
আবোল তাবোল গানের গলায়-
মাতাল মাতাল গাইছে দেখো
তুমি তাকে প্রেম শেখাবে কেমন করে
সে নিজে তো ভাঙা তরী প্রেমের ঝড়ে
তার কাছে প্রেম তুমিই শেখো

কলিজায় মোচড় লাগে

কলিজায় মোচড় লাগে- উচাটন মন
ঘুমের শহরে অবাক জোছনা একাকী ভীষণ
রাতপাখির ডানায় ডানায় উষ্ণ পরশ
কেবলই জল নেমে যায় উঠোনে আবার
রাতজাগা তারাদের সাথে অকারণে কথা হয়
গল্পে গল্পে তুমিহীনতার বেদনাবিলাস

তোমার কপাল ছুঁয়ে নিচে নেমে যায়-
উদাসী আঙুল আমার
ভুল চোখে ভুল করে দেখি তোমাকে আবার
আকাশে ছড়ানো তোমার মুঠো মুঠো রোদ

তুমি থাকলেই রোদের আরেক নাম প্রেমের তুফান
তুমিহীনতায় ভোরবেলাগুলো বিদ্রোহী খুব
রোদের পরীরা অকারণে ছড়ায়-
গ্যালন গ্যালন অল্ট্রাভায়োলেট বিরহধারা

art

আঙুলে আঙুল জড়াই

এতো বেশি খোঁজাখুঁজি লাগে না ভালো
ভেতরে জলের মতোই সোজাসুজি মন
তার সাথে মাখামাখি প্রতিমার আলো
সরলে তরল স্বপন আসে অনুক্ষণ

ভালো লাগে ভালোলাগা একটু আদর
আঙুলে আঙুল গেঁথে চোখ রাখি চোখে
অনুভবে আহা রে জড়ানো চাদর
ঘুরেফিরে আড়চোখে চেয়ে থাকে লোকে

চোখ তার সোনাদিঘি- হৃদয়ে শ্রাবণ
নেশা নেশা লাগে আহা তার খোলা চুল
বুক চিরে নামাই আমি অথই প্লাবন
আঙুলে আঙুল জড়াই- দেবীর আঙুল

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ