শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে দাওরায়ে হাদিসের সরকারি স্বীকৃতি কার্যকর করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় ও জাতীয় সংসদে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন পাকিস্তান বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্ধরী। যোগ্যতা ও মেধা থাকা সত্ত্বেও কোনো সরকারি দপ্তর বা প্রতিষ্ঠান স্বীকৃত সনদ গ্রহণ না করলে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রশ্নোত্তর পর্বে তিনি এসব পরামর্শ দেন।

দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বাংলাদেশ বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বেফাক নেতৃবৃন্দের সঙ্গে অতিথিকে পরিচয় করিয়ে দেন বোর্ডের প্রধান মাওলানা উবায়দুর রহমান খান নদভী। সভার শুরুতে বাংলাদেশ বেফাকের কার্যক্রম এবং দাওরায়ে হাদিসের সনদের স্বীকৃতি বাস্তবায়নের বর্তমান অবস্থা তুলে ধরা হয়।

মতবিনিময় পর্বে মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী প্রশ্ন করেন, বাংলাদেশে দাওরায়ে হাদিসের সরকারি স্বীকৃতি দেওয়া হলেও এর কার্যকর প্রয়োগ নেই। এমনকি আরবি ও ইসলামিয়াতে এমফিল-পিএইচডি করার সুযোগও তৈরি হয়নি। ফলে স্বীকৃতির বিষয়টি এখনো অনেকাংশে কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে।

জবাবে মাওলানা হানিফ জালন্ধরী বলেন, ‘প্রথমে আপনারা যে স্বীকৃতিটুকু পেয়েছেন, সেটির বাস্তবায়নের চেষ্টা জোরদার করুন। আমাদের দেশেও সরকারি দপ্তরগুলো ভেতর থেকে চায় না যে কোনো মাওলানা সরকারি চাকরিতে আসুক। তারা ইংরেজি কিংবা অন্য পরীক্ষার শর্ত জুড়ে দিয়ে নানা বাধা তৈরি করে। তবু আমরা হাল ছাড়িনি।’

পাকিস্তানের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দেশটিতে দাওরায়ে হাদিসের সনদধারী অনেক শিক্ষার্থী এই সনদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি করেছেন। তাদের অনেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আরবি এবং ইসলামিয়াতের শিক্ষক হিসেবেও নিয়োগ পেয়েছেন।

বাংলাদেশের আলেমদের উদ্দেশে তিনি বলেন, দাওরায়ে হাদিসের সনদের কার্যকর বাস্তবায়নের জন্য সরকারি দপ্তরগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে। কোনো ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা ও মেধা থাকা সত্ত্বেও কোনো দপ্তর বা প্রতিষ্ঠান সরকারি স্বীকৃত সনদ গ্রহণ না করলে আইনি প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। প্রয়োজনে আদালতের আশ্রয় নেওয়া যেতে পারে।

এ ছাড়া দাওরায়ে হাদিসের পাশাপাশি নিম্নস্তরের শিক্ষাগত যোগ্যতার সমমান অর্জনের বিষয়ে পাকিস্তানের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। এ ক্ষেত্রে ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট ও ডিগ্রি পর্যায়ের সমমান পেতে ইংরেজি, বিজ্ঞান ও গণিতের মতো দুই-তিনটি বিষয়ে পরীক্ষা দিয়ে নিয়মিত সরকারি সনদ অর্জনের পদ্ধতি অনুসরণের পরামর্শ দেন।

সভায় পাকিস্তানের মাদরাসা শিক্ষা বোর্ডগুলোর ঐক্য ও সমন্বয়ের অভিজ্ঞতাও তুলে ধরেন মাওলানা হানিফ জালন্ধরী। তিনি বলেন, ৯/১১-পরবর্তী প্রতিকূল পরিস্থিতিতে পাঁচটি বোর্ডের মধ্যে ঐক্য বজায় রাখা এবং পারস্পরিক সংঘাত এড়িয়ে সংলাপের মাধ্যমে মাদরাসা শিক্ষা ও প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষার চেষ্টা করা হয়েছে। এ ছাড়া হিফজ ও প্রাথমিক স্তরের সমন্বিত পাঠ্যক্রম এবং অঞ্চলভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের অভিজ্ঞতাও তিনি তুলে ধরেন।

একপর্যায়ে তিনি বাংলাদেশ বেফাকের একটি প্রতিনিধিদলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের কওমি মাদরাসা শিক্ষা বোর্ডগুলোকে নিয়ে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ বেফাকের সহসভাপতি মাওলানা সাজিদুর রহমান। পরে মাওলানা হানিফ জালন্ধরীর দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেফাকের সহসভাপতি মাওলানা শাব্বির আহমদ রশিদ, মাওলানা শওকত হোসাইন ও মুফতি নেয়ামতুল্লাহ ফরিদী, সহমহাসচিব মুফতি কেফায়াতুল্লাহ আজহারী, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল জলিল ফারুকী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা হাসান রশিদ, মুফতি মিজানুর রহমান সাঈদ, আল-হাইআতুল উলয়ার নায়েবে নাযিমে ইমতিহান মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা লিয়াকত আলী, মাওলানা বখতিয়ার হোসাইন ও মুফতি মনসুরুল হকসহ অর্ধশতাধিক আলেম ও বোর্ড কর্মকর্তা।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ