মাদ্রাসার এমপিওসংক্রান্ত অনলাইন আবেদন জমা ও অগ্রায়ণের সময়সীমা বাড়িয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা তথ্যব্যবস্থা (মেমিস) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের কারণে আবেদন কার্যক্রম ব্যাহত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, প্রতিষ্ঠানপ্রধানেরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ১২ নভেম্বর পর্যন্ত আবেদন অগ্রায়ণ করতে পারবেন।
রোববার (৮ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মেমিস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজ চলমান থাকায় এমপিওসংক্রান্ত আবেদন জমা ও অগ্রায়ণের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানপ্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানপ্রধানেরা ৩ থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। অন্যদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ৩ থেকে ১২ নভেম্বর পর্যন্ত আবেদন অগ্রায়ণ করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা ও অগ্রায়ণের কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, মেমিস সফটওয়্যারের মাধ্যমে আবেদন জমা বা অগ্রায়ণে কোনো সমস্যা হলে সফটওয়্যারে নিবন্ধিত মোবাইল নম্বর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাতে হবে। এ সময় নিবন্ধিত মোবাইল নম্বর ও আইপি ঠিকানা উল্লেখ করতে হবে।
এ বিষয়ে যোগাযোগের জন্য চার কর্মকর্তার নম্বর দেওয়া হয়েছে। তারা হলেন মেমিসের সহকারী প্রোগ্রামার মো. হারুন আর রশিদ (০১৭৩৭-৯১০৯৩১), অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. খালেকুর রহমান (রাশেদ) (০১৬৮২-৫৮৫৫২২), এস কে আসাদুল আলম (০১৭৮৩-৬৬৯৫৫৬) ও মো. শরিফুল ইসলাম (০১৩৪৬-৮১৩৯২০)।
এসএইচ/