নিজস্ব প্রতিবেদক
সারাদেশে লোডশেডিং বৃদ্ধি পাওয়ায় ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের এ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মাদরাসাগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
রোববার (১১ অক্টোবর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বোর্ডের আওতাধীন মাদরাসাগুলোর প্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের চিঠির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, প্রণোদনা সম্পর্কে তথ্য সংগ্রহ এবং নেট মিটারিং সংযোগ-সংক্রান্ত সমস্যার সমাধানে সংশ্লিষ্টরা হটলাইন ও ওয়ান-স্টপ সেবা কেন্দ্রের সহায়তা নিতে পারবেন।
জরুরি সহায়তার জন্য বিদ্যুৎ বিভাগের হটলাইন ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ১৬২০০, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১৬৮৯৯, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ১৬১১৬, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ১৬১২০, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ১৬১১৭ এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) ১৬৬০৩ নম্বরে যোগাযোগ করা যাবে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) হটলাইন নম্বর ০১৫৫০৭৭৭৭৭৭।
হটলাইনের পাশাপাশি বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর প্রধান কার্যালয় এবং জেলা ও উপজেলা কার্যালয়ে অবস্থিত ওয়ান-স্টপ সেবা কেন্দ্র থেকেও প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে। এসব কেন্দ্রে সমস্যার সমাধান না হলে বাংলাদেশ সচিবালয়ের পাশে বিদ্যুৎ ভবনের ১৩ তলায় অবস্থিত বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় ওয়ান-স্টপ সেবা কেন্দ্রে যোগাযোগ করা যাবে।
আইও/