নিজস্ব প্রতিবেদক
উম্মাহর কল্যাণ, দাওয়াহর প্রসার ও সমসাময়িক নানা বিষয়ে মতবিনিময় করতে রোববার (১১ অক্টোবর) আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস মাওলানা শফীকুর রহমান জালালাবাদী। এ সময় তাঁকে আন্তরিকভাবে বরণ করে নেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
চার দিনের সফরে ঢাকায় আসা শায়খ শফীকুর রহমান জালালাবাদী উম্মাহর কল্যাণ নিয়ে ভাবনাশীল শাইখ আহমাদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে শায়খ আহমাদুল্লাহ তাঁকে ফাউন্ডেশনে আমন্ত্রণ জানান। তিনি সেখানে পৌঁছালে শায়খ আহমাদুল্লাহ নিজে তাঁকে অভ্যর্থনা জানান এবং ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রম ও দাওয়াহ ইনস্টিটিউট ঘুরিয়ে দেখান।
দাওয়াহ ইনস্টিটিউটে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য শায়খ শফীকুর রহমান জালালাবাদীর নসিহত শোনার আয়োজন করা হয়। এ সময় তিনি সমসাময়িক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও পরামর্শ দেন। পাশাপাশি নিজের লেখা ‘মাওলানা আতহার আলী (রহ.) : জীবন, কর্ম ও অবদান’ বইটি শায়খ আহমাদুল্লাহকে হাদিয়া দেন।
পরে দীর্ঘ সময় ধরে উম্মাহর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন দুই আলেম। দুপুরের খাবার শেষে শায়খ আহমাদুল্লাহ নিজে এগিয়ে দিয়ে অতিথিকে বিদায় জানান। এ সময় তিনি ভবিষ্যতে আবারও ফাউন্ডেশনে এসে সংশ্লিষ্ট সবার উদ্দেশে নসিহত পেশ করার জন্য শায়খ শফীকুর রহমান জালালাবাদীকে বিনীত আমন্ত্রণ জানান।
আইও/