মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

আলিমে রেজিস্ট্রেশনের সময় বাড়াল মাদ্রাসা শিক্ষা বোর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের (পরীক্ষা ২০২৭) আলিম শ্রেণির যেসব শিক্ষার্থী এখনো কোনো মাদরাসায় অনলাইনে ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, তাদের জন্য বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ের মাদরাসাগুলোতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী এখনো অনলাইনে ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, তাদের রেজিস্ট্রেশন বোর্ডের ইএসআইএফ (ESIF) পূরণের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

নতুন সময়সূচি অনুযায়ী, ৭ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে। এছাড়া ৩০ জুলাই পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য ইএসআইএফে এন্ট্রি করা যাবে।

ফি জমা ও তথ্য এন্ট্রির জন্য সংশ্লিষ্ট মাদরাসাকে বোর্ডের ওয়েব পোর্টালে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর পেমেন্ট অপশনে গিয়ে শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি করে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত বোর্ড ফি পরিশোধ করতে হবে। ফি সিস্টেমে জমা হওয়ার পর নতুন শিক্ষার্থীর তথ্য আপলোডের সুযোগ চালু হবে। এরপর প্রয়োজনীয় তথ্য সতর্কতার সঙ্গে এন্ট্রি করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বোর্ড জানিয়েছে, এ বিশেষ ব্যবস্থায় শুধুমাত্র বিলম্ব ফি পরিশোধের মাধ্যমে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রি করা কোনো শিক্ষার্থীর তথ্য মুছে ফেলার সুযোগ থাকবে না। তবে ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করা শিক্ষার্থীদের বিভাগ, বিষয় ও ছবি সংক্রান্ত ভুল সংশোধনের অনলাইন কার্যক্রম চলমান থাকবে।

আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি নির্ধারণ করা হয়েছে ৬৮৫ টাকা। অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে ১৫০ টাকা পাঠ বিরতি ফিসহ মোট ৮৩৫ টাকা পরিশোধ করতে হবে।

রেজিস্ট্রেশন ফি জমা বা ইএসআইএফে তথ্য এন্ট্রির ক্ষেত্রে কোনো সমস্যা হলে অফিস চলাকালীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইআইআইএনভিত্তিক সিম নম্বর থেকে ০১৭১৩-০৬৮৯০৯ অথবা ০১৭১৫-৬১১৯৩৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ