বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দিনভর দুর্ভোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করা হয়েছে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দিনভর চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে গোপালগঞ্জের মুকসুদপুর ও মাদারীপুরের বিভিন্ন এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে। ভোমড়াখালি, মুকসুদপুর, রাঘদি, দিকনগর, চরপ্রসন্নদী ও বড়ইতলা এলাকায় মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এতে ঢাকা ও বরিশালমুখী অসংখ্য যানবাহন আটকা পড়ে।

দীর্ঘ সময় যানবাহনে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বরিশাল থেকে ঢাকাগামী যাত্রী এইচএম সানাউল্লাহ জানান, সকালে ঢাকার উদ্দেশে রওনা হলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত মুকসুদপুর এলাকায় আটকে ছিলেন। পরে ঢাকায় না গিয়ে বরিশালে নিজের বাড়িতে ফিরে যেতে বাধ্য হন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে গোপালগঞ্জ ও মাদারীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। মুকসুদপুরের রাঘদি, দিকনগর, চরপ্রসন্নদী ও বড়ইতলা এলাকায় গাছের গুঁড়ি ফেলে মহাসড়কে যান চলাচলে বাধা দেওয়া হয়। এর প্রভাব পড়ে পুরো ঢাকা-বরিশাল মহাসড়কে। বরিশাল থেকে ঢাকাগামী বাসসহ বিভিন্ন যানবাহন দিকনগর ও বড়ইতলা সেতু এলাকায় আটকা পড়ে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও অনেক যানবাহন সামনে এগোতে পারেনি।

অন্যদিকে ঢাকা ও আশপাশের এলাকা থেকে বরিশালগামী যানবাহনও বিভিন্ন স্থানে আটকা পড়ে। অবরোধের কারণে মাদারীপুরের টেকেরহাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সহিংসতা এড়াতে মাদারীপুর থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জেলা বাস মালিক সমিতি।

বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ে। দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকায় নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েন। অনেককে বিকল্প যানবাহনের সন্ধান করতে দেখা যায়। জরুরি কাজে ঢাকায় যাওয়া যাত্রীরাও নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি।

হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার আহমেদ হুমায়ুন জানান, বেলা ১১টার দিকে শুরু হওয়া অবরোধের কারণে প্রায় পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে বিকেল ৪টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

তিনি আরও জানান, অবরোধের কারণে গোপালগঞ্জ থেকে বাস চলাচল করতে না পারায় বরিশাল থেকে খুলনাগামী বাস চলাচলও বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের পাশাপাশি থানা-পুলিশের সদস্যরা কাজ করছেন।

দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এ মহাসড়কে এমন অচলাবস্থায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার ও প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রীরা।

এসএইচ/ 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ