বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮


আগুনে দগ্ধ হয়ে দুই হাফেজ সহোদরের করুণ মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বসতঘরে আগুনে দগ্ধ হয়ে দুই হাফেজ সহোদরের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ১৫ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় পরিবারটির বসতবাড়ির সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

মারা যাওয়া দুই ভাই হলো ওমর ফারুক (১৭) ও মোহাম্মদ আবদুল্লাহ (১৬)। তারা চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকার বাসিন্দা মাওলানা ফজল কাদেরের ছেলে।

গত রোববার দিবাগত রাতে রেললাইনের পূর্ব পাশে তাদের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, রাতে ঘুমানোর আগে পরিবারের সদস্যরা স্টিলের টিফিন বক্সে কয়লা জ্বালিয়ে কাপড় ইস্ত্রি করেন। পরে কয়লার আগুন পুরোপুরি না নিভিয়েই ঘুমিয়ে পড়েন তারা। একপর্যায়ে সেই আগুন কাপড়ে লেগে বসতঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির পাশের জায়গা খোলা থাকায় বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে যায়।

এ সময় ঘরের ভেতরে থাকা দুই ভাই আগুনে আটকা পড়ে গুরুতর দগ্ধ হয়। পরে তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে ওমর ফারুকের মৃত্যু হয়। তার জানাজার প্রস্তুতির মধ্যেই প্রায় ১৫ ঘণ্টার ব্যবধানে মারা যায় ছোট ভাই আবদুল্লাহ।

এদিকে অগ্নিকাণ্ডে পরিবারের বসতঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এ দুর্যোগে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এ সময় স্থানীয় বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ