ইসলাম গ্রহণের পর অনেক নওমুসলিম পারিবারিক, সামাজিক ও আর্থিক নানা সংকটে পড়েন। অনেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন হন, হারান জীবিকা ও আশ্রয়। আবার এ পরিস্থিতির সুযোগ নিয়ে একটি অসাধু চক্র নওমুসলিম পরিচয়ে ভিক্ষাবৃত্তি ও প্রতারণার আশ্রয় নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এমন বাস্তবতায় নওমুসলিমদের পুনর্বাসন ও স্বাবলম্বী করে তুলতে কাজ করছে ময়মনসিংহভিত্তিক সামাজিক ও দাওয়াহ প্রতিষ্ঠান খাইরুল উম্মাহ ফাউন্ডেশন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, দাঈ মাওলানা আনিসুর রহমান তালুকদারের নেতৃত্বে পরিচালিত এ উদ্যোগের লক্ষ্য শুধু আর্থিক সহায়তা দেওয়া নয়; বরং নওমুসলিমদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন, নিরাপত্তা ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করা।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি নওমুসলিমদের আর্থিক ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি সহযোগিতা প্রদান, তাদের জন্য নিরাপদ আবাসন, ভরণপোষণ, প্রাথমিক দ্বীনি শিক্ষার ব্যবস্থা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করছে। এ ছাড়া, নওমুসলিম পরিচয়ে কেউ যেন ইসলামের নামে ভিক্ষাবৃত্তি বা প্রতারণা করতে না পারে, সে বিষয়েও সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও সক্ষম মুসলিমদের প্রতি এ মানবিক উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগ্রহীদের সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে কার্যক্রম পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি দেখার পাশাপাশি সাধ্যমতো সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে দেশের যেকোনো স্থানে নওমুসলিম পরিচয়ে কেউ সহায়তা চাইলে তাকে ব্যক্তিগতভাবে অর্থ না দিয়ে যাচাই-বাছাইয়ের জন্য খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ারও আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
যোগাযোগ: খাইরুল উম্মাহ ফাউন্ডেশন
বাংলাদেশ ব্যাংক মোড়, উজান বাড়েরা, ময়মনসিংহ।
মোবাইল: ০১৮১১-৪৪৮৮৪৩, ০১৭৫৮-২১৩২৬৮, ০১৯২০-৪৮৩০৩২।
এসএইচ/