নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ সাত বছর ধরে প্রচারিত সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান ‘শরয়ী সমাধান’-এর সমাপ্তি ঘোষণা করেছেন বিশিষ্ট দাঈ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। একই সঙ্গে আগামী শুক্রবার থেকে নতুন ধারাবাহিক অনুষ্ঠান ‘প্রিয়নবীর (সা.)-এর হারিয়ে যাওয়া সুন্নাহ’ শুরু করার ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান শায়খ আহমাদুল্লাহ।
নতুন ধারাবাহিকের বিষয়বস্তু তুলে ধরে তিনি বলেন, প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-কে ভালোবাসা ঈমানের অংশ। আর এই ভালোবাসার দাবি পূর্ণতা পায় তাঁর সুন্নাহ অনুসরণের মাধ্যমে। কিন্তু সময়ের সঙ্গে সমাজ থেকে অনেক সুন্নাহ হারিয়ে যেতে বসেছে। সেই সুন্নাহগুলো মানুষের সামনে তুলে ধরা এবং জীবনে তা অনুসরণের বিষয়ে উদ্বুদ্ধ করতেই নতুন এই ধারাবাহিক শুরু করা হচ্ছে।
শায়খ আহমাদুল্লাহ বলেন, পার্থিব জীবনে সুস্থতা, শৃঙ্খলা, সফলতা ও আত্মপ্রশান্তির জন্য সুন্নাহ অনুসরণের বিকল্প নেই। একই সঙ্গে পরকালীন মুক্তি ও রাসুলুল্লাহ (সা.)-এর শাফায়াত লাভের অন্যতম মাধ্যম হিসেবেও সুন্নাহ অনুসরণের গুরুত্ব রয়েছে।
তিনি জানান, প্রতি শুক্রবার জুমার নামাজের পর তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ ও চ্যানেলে একযোগে নতুন অনুষ্ঠানটি প্রচারিত হবে।
এর আগে সাত বছর ধরে নিয়মিত প্রচারিত ‘শরয়ী সমাধান’ অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় ও সমসাময়িক বিষয়ে দর্শকদের প্রশ্নের শরয়ী সমাধান দেওয়া হয়েছে। অনুষ্ঠানটির সফল সমাপ্তির পর এবার সম্পূর্ণ নতুন ধারায় সুন্নাহভিত্তিক এই ধারাবাহিক শুরু করছেন তিনি।
পোস্টে শায়খ আহমাদুল্লাহ সুন্নাহর ভালোবাসায় নতুন ধারাবাহিকটির খবর প্রিয়জনদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সুন্নাহ জানা, মানা ও জীবনে ধারণের এই যাত্রায় সবার দোয়া ও অংশগ্রহণ কামনা করেন।
আরএইচ/