মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮


জয়পুরহাটে আখখেত থেকে কঙ্কাল উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর এলাকার একটি আখখেত থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জিতারপুর এলাকার একটি আখখেতে কঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে জয়পুরহাট সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহ আখখেতে ফেলে রাখা হয়ে থাকতে পারে।

জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু শাহীন কাদির বলেন, মরদেহ পচে গিয়ে কেবল কঙ্কাল অবশিষ্ট থাকায় সেটি পুরুষ না নারীর, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

এদিকে উদ্ধার হওয়া কঙ্কালটি সম্প্রতি নিখোঁজ অটোভ্যানচালক ফরিদ হোসেনের বলে দাবি করেছে তার পরিবার।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল ইসলাম বলেন, গত ২০ আগস্ট সকালে ক্ষেতলাল উপজেলার হোপীরহাট গ্রামের ফরিদ হোসেন অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার পাকার মাথা এলাকার একটি গ্যারেজ থেকে ফরিদের অটোভ্যান উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার উদ্ধার হওয়া কঙ্কালের সঙ্গে থাকা পোশাক দেখে ফরিদের পরিবারের সদস্যরা সেটি তার বলে দাবি করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ