শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮


হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মো. শরীফ (১১) নামে এক হেফজ বিভাগের শিক্ষার্থী গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার মা মোফাশেরা বেগম কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (২৭ জুন) সকাল পর্যন্ত শরীফের কোনো সন্ধান মেলেনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ তার খোঁজ পেলে দ্রুত কমলনগর থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ জুন ভোরে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরবসু গ্রামের নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে শরীফ নিখোঁজ রয়েছে। সে স্থানীয় একটি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র এবং একই এলাকার রিকশাচালক করিম চৌধুরীর ছেলে।

নিখোঁজ শিশুটির মা মোফাশেরা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, ঘটনার দিন ভোরে শরীফ ফজরের নামাজ আদায় করে। পরে তাকে ২০ টাকা দিলে সে বিস্কুট কিনে খায়। এরপর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আত্মীয়-স্বজনদের বাড়িতেও সে যায়নি।

শরীফের ভগ্নিপতি মঈন উদ্দিন বলেন, “১০ দিন ধরে আমরা বিভিন্ন স্থানে খুঁজেও শরীফের কোনো খোঁজ পাইনি। কেউ তাকে দেখে থাকলে অনুগ্রহ করে কমলনগর থানায় অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।” তিনি জানান, ছেলেটির নিখোঁজ হওয়ার পর থেকে তার মা শোকে ভেঙে পড়েছেন।

এ বিষয়ে কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহমেদ বলেন, শরীফের নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। পুলিশ তাকে উদ্ধারে প্রয়োজনীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে কেউ তার সন্ধান পেলে দ্রুত থানায় জানানোর আহ্বান জানান তিনি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ