নিজস্ব প্রতিবেদক
ইসলামি অর্থনীতি, শরিয়াহ গবেষণা, একাডেমিক শিক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করতে জামিয়াতুত তারবিয়াহ আল ইসলামিয়া, আইএফএ কনসালটেন্সি লিমিটেড (IFAC) এবং সেন্টার ফর ইসলামিক ইকোনমিক্স স্টাডিজ (CIES)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জামিয়াতুত তারবিয়াহ আল ইসলামিয়ার পক্ষে প্রতিষ্ঠানটির মুদির আল্লামা মামুনুল হক, IFAC-এর পক্ষে প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুম এবং CIES-এর পক্ষে অনুমোদিত প্রতিনিধি মুফতি সানাউল্লাহ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের আওতায় ইসলামি অর্থায়ন, শরিয়াহ গভর্ন্যান্স, AAOIFI শরিয়াহ মানদণ্ড, ফিকহুল মুআমালাত, করপোরেট ফাইন্যান্স, সুকুক এবং সুদমুক্ত আর্থিক ব্যবস্থা বিষয়ে যৌথভাবে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
এ ছাড়া কর্মশালা, সেমিনার, ওয়েবিনার ও সম্মেলন আয়োজনের পাশাপাশি সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সসহ বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে। তিন প্রতিষ্ঠানের আলেম, শিক্ষক ও সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে রিসোর্স পারসন ও প্রশিক্ষক হিসেবেও যুক্ত হতে পারবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষার সঙ্গে আধুনিক ইসলামি অর্থনীতি ও পেশাগত জ্ঞানের সমন্বয় আরও জোরদার হবে। একই সঙ্গে দেশে শরিয়াহভিত্তিক অর্থনীতি, গবেষণা ও আর্থিক খাতে দক্ষ জনবল তৈরিতে এ সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পরিচালিত শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ইসলামী অর্থনীতি ও শরিয়াহভিত্তিক আর্থিক ব্যবস্থার বিভিন্ন বিষয়ে শিক্ষার্থী, আলেম ও পেশাজীবীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
আইও/