বগুড়ার শিবগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় বিজিবির এক হাবিলদার নিহত হয়েছেন। নিহত বিজিবি সদস্যের নাম হাবিলদার রফিকুল ইসলাম। তিনি নওগাঁর পত্নীতলা বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বাবার নাম কপিল উদ্দিন সরকার। রফিকুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া ফরকের হাট এলাকার বাসিন্দা।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুন্দারহাট হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুটিতে বাড়ি ফেরার পথে সহকর্মীর সঙ্গে মোকামতলা বন্দরে বাস থেকে নামেন হাবিলদার রফিকুল ইসলাম। পরে মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইচ উদ্দিন বলেন, ছুটিতে বাড়ি ফেরার পথে সহকর্মীর সঙ্গে মোকামতলা বন্দরে বাস থেকে নামেন রফিকুল। পরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আইও/