শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮


নাঈম আহমেদের মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্র জমিয়তের মানববন্ধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

​সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল কর্তৃক ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সংঘটিত গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টা মামলায় ছাত্র জমিয়তের সাবেক নেতা, শাহরপাড়া মাদ্রাসা ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ সৈয়দ নাঈম আহমেদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ প্রদানের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ‘ছাত্র জমিয়ত বাংলাদেশ’, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।

​বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এই রায় প্রত্যাখ্যান করে এবং ন্যায়বিচারের দাবিতে নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই রায়ের পুনর্বিচার দাবি করেন।

​মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিচার প্রক্রিয়া চলার পর মামলার একাধিক প্রভাবশালী আসামি বেকসুর খালাস পেলেও হাফেজ সৈয়দ নাঈম আহমেদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। তার পরিবার ও আইনজীবীদের বক্তব্য অনুযায়ী, তার বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ সাক্ষী কিংবা সুস্পষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপিত হয়নি। এমন পরিস্থিতিতে এ রায় জনমনে ন্যায়বিচার ও সুশাসনের প্রশ্নে গভীর সংশয় সৃষ্টি করেছে।”

​বক্তারা আরও বলেন, বিচার ব্যবস্থা অবশ্যই হতে হবে নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য। কোনো ব্যক্তি যেন রাজনৈতিক বা অন্য কোনো কারণে বৈষম্যের শিকার না হন, তা নিশ্চিত করা রাষ্ট্র ও বিচার বিভাগের দায়িত্ব। তারা অবিলম্বে হাফেজ সৈয়দ নাঈম আহমেদের বিরুদ্ধে প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার দাবি জানান। একই সাথে উচ্চ আদালতে ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

​মানববন্ধনে উপস্থিত ছিলেন থানা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহফুজ, ছাত্র জমিয়ত নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক আবুল হাসানাত মেহরাব, মহানগর সভাপতি মিরাজ বিন হারুন এবং ফতুল্লা থানার নির্বাহী নির্বাহী সদস্য আজিম উসমান ও আনাছ প্রধান, এছাড়া ফতুল্লা থানার নির্বাহী সদস্যসহ ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ সকল নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

​নেতৃবৃন্দ এসময় দেশের সকল সংশ্লিষ্টদের প্রতি ধৈর্য ধারণ, আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ