আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তেলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সম্মাননা হিসেবে ১৫ লাখ রিয়ালের বেশি অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।
সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ছয় দিনব্যাপী এ প্রতিযোগিতায় ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। পুরুষ ও নারী প্রতিযোগীদের জন্য পৃথক দুটি বিচারক প্যানেল তাদের তিলাওয়াত ও কুরআন মুখস্থের দক্ষতা যাচাই করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রত্যেককে ৫ হাজার সৌদি রিয়াল করে দেওয়া হয়। এ বাবদ মোট পুরস্কারের পরিমাণ দাঁড়ায় ১৫ লাখ রিয়ালের বেশি।
এবারের প্রতিযোগিতায় মোট ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল মূল্যের পুরস্কার দেওয়া হয়েছে। পাঁচটি বিভাগে ৫০ জন পুরুষ ও নারী প্রতিযোগী বিজয়ী হন। প্রতিটি বিভাগে পাঁচজন করে বিজয়ী নির্বাচিত করা হয়।
সৌদি ইসলামবিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-শেখ প্রতিযোগিতার প্রতি সৌদি নেতৃত্বের সমর্থন এবং পবিত্র কুরআন ও এর হাফেজদের প্রতি দেশটির বিশেষ যত্নের প্রশংসা করেন।
এবারের আসরে প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। পাশাপাশি মূল্যায়ন প্রক্রিয়ায় ইলেকট্রনিক জাজিং ব্যবস্থা আরও উন্নত করা হয়েছে। এর ফলে নম্বর প্রদানের ক্ষেত্রে নির্ভুলতা ও স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি বিচারকার্যের দক্ষতাও বৃদ্ধি পেয়েছে।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের জন্য মক্কার বিভিন্ন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শনের ব্যবস্থা করা হয়। এর অংশ হিসেবে তারা মক্কা ক্লক টাওয়ার মিউজিয়াম পরিদর্শন করেন। সেখানে তারা জ্যোতির্বিজ্ঞান, সময় পরিমাপ এবং মক্কা ক্লকের সাংস্কৃতিক ও প্রকৌশলগত গুরুত্ব সম্পর্কে জানতে পারেন।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষ করে কয়েকজন প্রতিযোগী মদিনায় পৌঁছে নিজেদের আনন্দের কথা জানান। পর্তুগালের প্রতিযোগী সারাহ সায়ানি সৌদি নেতৃত্বের প্রতি কোরআনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ সফর শুধু একটি প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়; বরং এটি তাঁর জন্য দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকা একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা।
রিইউনিয়নের প্রতিযোগী আমান বাতেল মক্কা ও মদিনার আধ্যাত্মিক পরিবেশের প্রশংসা করেন। অন্যদিকে মালদ্বীপের প্রতিযোগী মুসা আশরাফ বলেন, প্রতিযোগিতায় অংশ নেওয়া তাঁর জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। প্রতিযোগিতামূলক পরিবেশে পবিত্র কোরআন পুনরায় ঝালাই করার সুযোগ পাওয়াকে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
সূত্র: আরব নিউজ
আইও/