নিজস্ব প্রতিবেদক
নিজ প্রতিষ্ঠিত মাদরাসায় লাইব্রেরির কাজ করার সময় বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা আব্বাস আলী। তিনি দলের পটুয়াখালীর গলাচিপা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়াও এলাকায় শিক্ষাবিদ হিসেবে পরিচিত ছিলেন।
শুক্রবার (২৬ জুন) সকালে গলাচিপা খারিজ্জমা ডিগ্রি কলেজ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এর একটি বড় অংশ ছিল তার রাজনৈতিক সহযোদ্ধা। পরে তাঁকে কারীমিয়া কেরাতুল কোরআন মাদরাসা কমপ্লেক্সের কবরস্থানে দাফন করা হয়।
এর আগে জানাজায় উপস্থিত আলেম-উলামা মরহুমের দ্বীনি খেদমত, আদর্শিক জীবন ও সাংগঠনিক অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, মাওলানা আব্বাস আলী ছিলেন একজন নিবেদিতপ্রাণ দ্বীনি কর্মী ও শিক্ষানুরাগী। তাঁর মৃত্যুতে এলাকায় দ্বীনি অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দেশবাসীর কাছে মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।
আইও/