নিজস্ব প্রতিবেদক
নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করতে আলাদা বাস চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কওমি পরিষদের সভাপতি ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনি জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী। একই সঙ্গে তিনি নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় পরিবহন, শিক্ষা ও কর্মক্ষেত্রসহ বিভিন্ন পরিসরে আরও পরিকল্পিত ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করতে আলাদা বাস চালুর উদ্যোগকে আমি স্বাগত জানাই। এমন একটি প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ। তবে নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষার পাশাপাশি সামাজিক ও নৈতিক শৃঙ্খলা বজায় রাখতেও পরিবহন, শিক্ষা, কর্মক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে আরও পরিকল্পিত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।
বিবৃতিতে মুফতি ইমরানুল বারী সিরাজী মন্তব্য করেন, সরকারের অনেক সিদ্ধান্তের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন পক্ষের দ্বিমত থাকতে পারে এবং সমালোচনাও থাকতে পারে। তবে জনকল্যাণমূলক ভালো উদ্যোগকে দল-মত নির্বিশেষে স্বাগত জানানো এবং ইতিবাচক কাজে সহযোগিতা করাই দায়িত্বশীলতার পরিচয়।
তিনি প্রত্যাশা করেন, নারীদের জন্য নিরাপদ চলাচলের এই উদ্যোগ আরও বিস্তৃত ও কার্যকর হবে এবং এর মাধ্যমে নারীদের নিরাপত্তা, স্বস্তি ও মর্যাদা নিশ্চিত করার পথ আরও সুগম হবে।
আইও/