নিজস্ব প্রতিবেদক
বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ৫০ জন দৃষ্টিহীন মাদরাসাছাত্রের মধ্যে ব্রেইল পদ্ধতিতে ছাপানো পবিত্র কুরআন শরিফ বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (১৬ আগস্ট) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে রাজধানীর আল-মারকাজুল ইসলাম একাডেমিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উন্নতমানের দুপুরের খাবারও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শেখ তাওহীদুল ইসলাম সৈকত ও সাধারণ সম্পাদক ডা. মো. ইমরান হোসেন।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোন্দকার সিফাত উল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদস্য সচিব ইফতেখার আহমেদ শিহাব।
প্রধান অতিথির বক্তব্যে ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, খালেদা জিয়ার জন্মদিনে দৃষ্টিহীন মাদরাসাছাত্রদের হাতে ব্রেইল কোরআন শরিফ তুলে দেওয়া একটি মানবিক ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে দৃষ্টিহীন শিক্ষার্থীদের কোরআন পড়ার স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হয়েছে।
তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাকালীন নাম বেগম খালেদা জিয়ার নামে থাকার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘কতখানি হিংসাত্মক হলে একটি প্রতিষ্ঠানের নামও বাদ দেওয়া যায়, তা সুস্থ মানুষের বোধগম্য নয়।’
ডা. আউয়াল আরও বলেন, নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজ তার জন্মদিনে ছাত্রদলের নেতাকর্মীরা দৃষ্টিহীন শিক্ষার্থীদের হাতে কোরআনের আলো পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতা ডা. মোহাম্মদ বিন মিজান, ডা. রুহুল আমিন সজীব, যুগ্ম আহ্বায়ক মহসিন আলী, ডা. সুদীপ্ত পাল, ডা. সাদিকুর রহমান ইফাত, সাঈদ মোর্শেদ, জিদ্দান আদনান, আরহাম মুশফিক, নাফিস, মোসাদ্দেক হোসেন সৌরভ, ইমরান খান, জাহিদ রিফাত, মহানগর ছাত্রদল নেতা মিরাজ হোসেন, আশরাফুল আসাদ, লাভলু, আসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আইও/