নিজস্ব প্রতিবেদক-
প্রখ্যাত আলেম ও ক্বারী এবং লালবাগ জামিয়ার উস্তাদ মাওলানা ক্বারী আবু রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ময়মনসিংহে গ্রামের বাড়িতে সংঘটিত এই হামলায় তাঁর রানের হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলার জন্য পরিবারের পক্ষ থেকে স্থানীয় জামায়াতের কয়েকজন নেতাকর্মীকে দায়ী করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই হামলার খবর জানিয়েছেন ভুক্তভোগীর ছেলে এবং তরুণ লেখক ও চিন্তক ইফতেখার জামিল।
ইফতেখার জামিলের ভাষ্য অনুযায়ী, হামলার সঙ্গে মুশারফ ও আলম নামের দুজনসহ কয়েকজন ব্যক্তি জড়িত। তারা সবাই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি অভিযোগ করেন, ঘটনার পরও অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে, যা পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। এমনকি তার এক চাচার ওপরও হামলার চেষ্টা হয়েছে বলে দাবি করেন তিনি।
ইফতেখার জামিল বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিষয়টি সংশ্লিষ্ট নেতাদের জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর তীব্র প্রতিক্রিয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শত শত মানুষ এর প্রতিবাদ জানাচ্ছেন এবং দায়ীদের শাস্তির আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
ইসলামী ঐক্যজোটের মহাসচি মুফতি সাখাওয়াত হোসাইন রাজীসহ রাজনীতিবিদদের অনেকেই এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন।
প্রসঙ্গত, মাওলানা ক্বারী আবু রায়হান দেশের প্রখ্যাত ক্বারী। তিনি আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি, বাংলাদেশ বেতারের প্রধান ক্বারী এবং জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগের সিনিয়র মুদাররিস। এর আগে তিনি জামিয়া দারুল উলুম ওয়াপদার মুহতামিম এবং লালবাগ শাহী মসজিদের সিনিয়র পেশ ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দেশে-বিদেশে তাঁর শত শত ছাত্র রয়েছে।
জেডএম/
