ইতালিতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা
প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ১০:০৭ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ইতালিতে মুসলিম জনসংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। দেশটিতে ইসলাম দ্রুত সম্প্রসারিত হওয়া প্রধান সংখ্যালঘু ধর্মগুলোর একটি হয়ে উঠেছে। অভিবাসন ও ধর্মীয় জনসংখ্যা-সংক্রান্ত বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, ইতালিতে বসবাসরত বিদেশিদের মধ্যে মুসলমানরা বর্তমানে সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী।

ফাউন্ডেশন আইএসএমইউর (ISMU) জুলাই ২০২৫-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের ১ জুলাই পর্যন্ত ইতালিতে মুসলমানের সংখ্যা প্রায় ১৬ লাখ। এ সংখ্যার মধ্যে অপ্রাপ্তবয়স্করাও অন্তর্ভুক্ত। দেশটির মোট বিদেশি জনসংখ্যার মধ্যে মুসলমানদের অংশ প্রায় ২৯ দশমিক ৮ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসীদের সংখ্যা ও ধর্মীয় বৈচিত্র্য বৃদ্ধির সঙ্গে ইতালিতে মুসলিম সম্প্রদায়ের উপস্থিতিও ক্রমশ দৃশ্যমান হচ্ছে। উত্তর আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও অন্যান্য মুসলিমপ্রধান দেশ থেকে অভিবাসনের কারণে দেশটিতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে অভিবাসনকে বিবেচনা করা হচ্ছে।

এদিকে ইউরোপের ধর্মীয় জনসংখ্যা নিয়ে পিউ রিসার্চ সেন্টারের (Pew Research Center) বৃহত্তর গবেষণাগুলোতেও ইউরোপে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা উঠে এসেছে। ইতালিতেও অভিবাসন, তুলনামূলক কম বয়সী মুসলিম জনগোষ্ঠী এবং জন্মহারের মতো বিভিন্ন জনমিতিক কারণে দেশটির মুসলিম জনসংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে গবেষণাগুলোতে ইঙ্গিত দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইতালির সমাজে মুসলিম সম্প্রদায়ের ক্রমবর্ধমান উপস্থিতি দেশটির ধর্মীয় ও সামাজিক বৈচিত্র্যকে আরও বাড়িয়ে তুলছে। একই সঙ্গে মুসলিমদের শিক্ষা, কর্মসংস্থান, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক অন্তর্ভুক্তির বিষয়গুলোও দেশটির নীতিনির্ধারণে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সূত্র: মিল্লাত টাইমস

আরএইচ/