নিজস্ব প্রতিবেদক
কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাসহ কয়েকটি দাবিতে আগামীকাল ১৫ আগস্ট শনিবার রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, পীর-মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ সাজিদুর রহমানের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান পরিচালনা করবেন সংগঠনের মহাসচিব মাওলানা মহিউদ্দীন রব্বানী।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও ধর্মীয় ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে। তাদের মধ্যে রয়েছেন—বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান, মধুপুরের পীর সাহেব মাওলানা আব্দুল হামীদ, ফরিদাবাদের আল্লামা আব্দুল কুদ্দুস, মাওলানা উবায়দুর রহমান ফারুক, হাটহাজারীর মুফতি জসিম উদ্দীন, পটিয়ার মাওলানা একরাম হোসাইন, মুফতি মুবারকুল্লাহ, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা খলিল আহমদ কুরাইশী, ড. আ. ফ. ম. খালিদ হোসাইন, নারায়ণগঞ্জের মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী ও মাওলানা মামুনুল হক।
এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আরও বহু উলামায়ে কেরাম, পীর-মাশায়েখ ও ধর্মীয় ব্যক্তিত্ব সম্মেলনে উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আয়োজকদের ভাষ্য, কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাসহ তাদের প্রকাশনা বাজেয়াপ্ত করার দাবিকে সামনে রেখে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে আয়োজক সংগঠন।
আরএইচ/