চাঁদপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামের নবম শ্রেণির এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামমুখী সাগরিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর শহরের ছায়াবানী রেল ক্রসিংয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি ছায়াবানী রেল ক্রসিং পার হয়ে সামান্য পূর্ব পাশে পৌঁছালে তায়েবা রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তায়েবা আক্তার চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী মাদরাসা রোড এলাকার বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার নবম শ্রেণির ছাত্রী।
পরিচয়পত্রে তার বাবা তাজুল ইসলাম ও মা আমেনা বেগমের নাম উল্লেখ রয়েছে।
খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চাঁদপুর রেলওয়ে থানার ওসি রাজিব বলেন, ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার অভিভাবকেরা থানায় এসেছেন।
পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএইচ/