নিজস্ব প্রতিবেদক
আসন্ন রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আগামী ১৭ আগস্ট (সোমবার) থেকে শুরু হচ্ছে ‘সীরাত ক্যাম্পেইন-২০২৬’। তরুণ প্রজন্মসহ সমাজের সর্বস্তরে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সীরাতের আলো ছড়িয়ে দিতে কুমিল্লার নাঙ্গলকোটের দাওয়াহ ও গবেষণামূলক সংগঠন ‘খিদমাতুল ইসলাম পরিষদ’-এর উদ্যোগে শুরু হচ্ছে ব্যতিক্রমী এই ক্যাম্পেইন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংগঠনের সভাপতি মাওলানা আবু সালেহ মুহাম্মাদ সাদ উদ্দীন আওয়ার ইসলামকে তা নিশ্চিত করেন।
মাওলানা সাদ উদ্দীন জানান, ক্যাম্পেইনের আওতায় নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে সীরাত ও ইসলামের মৌলিক শিক্ষা বিষয়ক বই বিনামূল্যে বিতরণ করা হবে এবং মসজিদভিত্তিক সীরাত মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হবে ইনশাআল্লাহ।
শিক্ষা সিলেবাসে সীরাত বিষয়ক বইয়ের শূন্যতা নিয়ে পরিতাপ করে তিনি বলেন, ‘বাংলাদেশ ৯১% মুসলমানের দেশ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, এখানে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী ও আদর্শ জাতীয় শিক্ষা সিলেবাসের বাইরে। ফলে তরুণ প্রজন্ম ধীরে ধীরে ধর্মীয় শিক্ষা ও মহানবীর সীরাতের আলো থেকে দূরে সরে যাচ্ছে। এ বাস্তবতা উপলব্ধি করেই খিদমাতুল ইসলাম পরিষদ সীরাত ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে।’
সংগঠনের সদস্যরাই সরাসরি বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করবেন বলে নিশ্চিত করেন তিনি। একইসঙ্গে শিক্ষার্থীদের মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ ও পবিত্র সীরাতের বিভিন্ন দিক তুলে ধরাও এই ক্যাম্পেইনের অন্যতম উদ্দেশ্য বলেও জানানো হয়।
প্রসঙ্গত, ‘খিদমাতুল ইসলাম পরিষদ’ প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা, সেবা ও দাওয়াহ কার্যক্রমের মাধ্যমে নাঙ্গলকোটের মানুষের কল্যাণে নিঃস্বার্থ কাজ করে যাচ্ছে।
সম্প্রতি সংগঠনটির এই ব্যতিক্রমী দাওয়াহ কার্যক্রমের মাধ্যমে স্কুল-কলেজ ও জেনারেল শিক্ষাঙ্গনগুলোতে ইসলামের আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরএইচ/