সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮


মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

মুরগির বিষ্ঠা নিয়ে শুরু হওয়া বিরোধ গড়িয়েছে দ্রুত বিচার আইনের মামলায়; আর সেই মামলায় হাজিরা দিতে গিয়ে কারাগারে যেতে হয়েছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির, সেক্রেটারিসহ তিন নেতাকে।

রোববার (৯ আগস্ট) ময়মনসিংহ জেলা জজ আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া তিন আসামি হলেন—ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, উপজেলা সেক্রেটারি ডা. মো. আব্দুর রাজ্জাক এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, শিক্ষক ফেডারেশনের সভাপতি ও আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ।

রোববার মামলার ধার্য তারিখে তিন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত বিচার আইনের মামলায় হাজিরা দিতে এলে আদালত তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফুলবাড়ীয়া উপজেলার কাহালগাঁও এলাকায় মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ ঘটনায় ফুলবাড়ীয়া উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেন।

মামলায় স্থানীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-৬) কামরুল হাসান মিলনের ভাইসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার ধার্য তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় সংসদ সদস্যের ভাইসহ কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত।

এদিকে মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে দায়ের করা মামলায় ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষ তিন নেতাকে কারাগারে পাঠানোর ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ