নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগের মধ্যে এবার নিজের বাসার বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী।
মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’
ড. আজহারীর এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার পোস্টে অনেকেই নিজেদের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন।
সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বৃদ্ধির অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেকের দাবি, বিদ্যুৎ ব্যবহারে উল্লেখযোগ্য পরিবর্তন না এলেও আগের তুলনায় বিল অনেক বেশি এসেছে। আবার লোডশেডিংয়ের মধ্যেও অতিরিক্ত বিল পরিশোধ করতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন অনেক গ্রাহক।
এ পরিস্থিতিতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।
আইও/