মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :

সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিমপাড়ে শহীদ এম. মনসুর আলী স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

শহীদ এম. মনসুর আলী স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান জানান, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেল যোগাযোগ বন্ধ থাকায় ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস যমুনা সেতুর পশ্চিমপাড়ের সয়দাবাদ স্টেশনে আটকা পড়েছে।

সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পিডব্লিউওআই) আহসানুর রহমান জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর পর লাইনচ্যুত বগি সরিয়ে রেললাইন সচল করার কাজ শুরু হবে। পরিস্থিতি স্বাভাবিক করতে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ