নারায়ণগঞ্জের মদনপুরের চাঁনপুর এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে ঘরের ভেতরে জমে থাকার পর চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। দগ্ধরা হলেন—আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা আক্তার (৩৫), ছেলে সিয়াম (১৯), মেয়ে মিম (১৩) এবং পাশের পরিবারের শিশু হযরত আলী (৮)।
কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, মদনপুরের চাঁনপুর এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে ঘরের ভেতরে জমে ছিল। সকালে পরিবারের সদস্যরা চুলা জ্বালানোর চেষ্টা করলে আগুনের স্ফুলিঙ্গের সঙ্গে জমে থাকা গ্যাসের বিক্রিয়া হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরে থাকা পাঁচজন দগ্ধ হন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে সুলতানা আক্তারের শরীরের ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ, মিমের ৪১ শতাংশ এবং আব্দুল মান্নানের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। গুরুতর আহত চারজনকে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া হযরত আলীর শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আইও