শেরপুরের ঝিনাইগাতীতে বিলে কচুরিপানা সরানোকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ ও কথা-কাটাকাটির জের ধরে ভাতিজার লাঠির আঘাতে সানিয়া বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার দাঁড়িকালীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানিয়া বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে বিলের নালায় গাছের ডাল ফেলার সময় কচুরিপানা বেঁধে রাখার দড়ি ছিঁড়ে যাওয়া নিয়ে ভাতিজা শাহ আলম এবং তার ভাই-বোনদের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাগবিতণ্ডার মধ্যে ভাতিজা শাহ আলম ক্ষিপ্ত হয়ে কাছে থাকা লাঠি (গাছের ডাল) দিয়ে চাচি সানিয়া বেগমকে আঘাত করে।
লাঠির আঘাতে গুরুতর আঘাত পেয়ে সানিয়া বেগম ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন। খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, ভাসুরের ছেলের লাঠির আঘাতে সানিয়া বেগম নিহত হয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে থানায় আইনি প্রক্রিয়া চলমান।
আইও/