সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮


মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় চার ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাগুলোর পর নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এতে দুই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (২৬ জুলাই) উপজেলার গাওদিয়া ও বৌলতলী ইউনিয়নে পৃথক সময়ে এ দুটি ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাওদিয়া ইউনিয়নের শামুরবাড়ী গ্রামের বাসিন্দা মিহিতা আক্তার (ববি) (৩৪) সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির কাপড় ধোয়ার পর পদ্মা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন। স্থানীয়রা খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে তাকে নদী থেকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মিহিতা আক্তার কৃষক ও গবাদিপশু পালনকারী শরিফ শিকদারের স্ত্রী। তিনি এক ছেলে (১৫) ও এক মেয়ের (সাড়ে ৭) জননী।

নিহতের বড় জা আইরিন আক্তার জানান, মিহিতা আক্তার কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝেমধ্যে তিনি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়তেন। ধারণা করা হচ্ছে, শারীরিক বা মানসিক অসুস্থতার কারণে নদীতে নামার পর তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বৌলতলী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আরিফা (সাড়ে ৭) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার আওলাদ শেখের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আরিফা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন, পানিতে ডুবে দুইজনের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, পৃথক এ দুই ঘটনায় নিহতদের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ