আন্তর্জাতিক ডেস্ক
ভারতে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা মোকাবিলা, সাংবিধানিক অধিকার রক্ষা এবং আইনি সহায়তা জোরদারের লক্ষ্যে দেশটির শীর্ষস্থানীয় আলেম, মুসলিম নেতা, রাজনীতিবিদ ও সমাজসেবীদের অংশগ্রহণে এক উচ্চপর্যায়ের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৫১ সদস্যের একটি জাতীয় পরামর্শক কমিটি এবং ১১ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে ‘ভারতীয় মুসলমানদের বর্তমান পরিস্থিতি নিয়ে জাতীয় পরামর্শ’ শীর্ষক এ সভার আয়োজন করে ইন্ডিয়ান মুসলিমস ফর সিভিল রাইটস (আইএমসিআর)।
সংগঠনটির নেতা আজম বেগ জানান, নবগঠিত পরামর্শক কমিটি সাম্প্রদায়িক সহিংসতা, গণপিটুনি, মুসলিমদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন আইনি মামলা, মসজিদ ও মাদরাসা ভাঙার অভিযোগ এবং মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়সহ মুসলিম শিক্ষাপ্রতিষ্ঠান-সংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানের উদ্যোগ নেবে। পাশাপাশি সংবিধানসম্মত উপায়ে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে।
তিনি বলেন, সভায় কোনো রাজনৈতিক আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়নি। বরং ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগীদের আইনি সহায়তা প্রদান, গণতান্ত্রিক উপায়ে অধিকার আদায় এবং দেশের সব সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আজম বেগ আরও জানান, এ সভায় দেশের ১১০টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ছাড়া প্রায় সব গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ও সংগঠনের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। সভায় একটি ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়।

সভায় অংশ নেওয়া সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়ার (এসডিপিআই) জাতীয় সহ-সভাপতি মুহাম্মদ শফি বলেন, বিভিন্ন রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতা, গণপিটুনি, মসজিদ ও মাদরাসা উচ্ছেদ, অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের উদ্যোগ, মাদরাসা নিয়ন্ত্রণ, মুসলিমদের সাংবিধানিক অধিকার, নিরাপত্তা এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সভায় সংসদ সদস্য ইকরা হাসান, মহিবুল্লাহ নদভি, ইমরান মাসুদ, জিয়াউর রহমান বারক, জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ড. ফারুক আবদুল্লাহ ও মেহবুবা মুফতি, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের ভাইস চেয়ারম্যান মাওলানা ওবায়দুল্লাহ খান আজমী, সুফি নেতা সৈয়দ সরওয়ার চিশতী এবং মহারাষ্ট্রের বিধায়ক আবু আসিম আজমীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আইও/