বিশেষ প্রতিনিধি
চলতি নভেম্বর মাসে বাংলাদেশ সফরে আসছেন উপমহাদেশের তিন প্রখ্যাত আলেম ও ইসলামি চিন্তাবিদ। তাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের মুফতি মুহাম্মদ তাকি উসমানি, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী এবং শতবর্ষী আলেম ও আধ্যাত্মিক সাধক হাজী মিয়াজী মুহাম্মদ রামজান মেওয়াতী। তাদের সফরকে কেন্দ্র করে দেশের কওমি মাদরাসা ও আলেমসমাজে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন দীনি শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে তাঁরা সম্মেলন, দস্তারবন্দি ও ইসলাহি মাহফিলে অংশ নেবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন আলেমের সফরসূচি অনুযায়ী আগামী ১৬ নভেম্বর বাংলাদেশে আসবেন হাজী মিয়াজী মুহাম্মদ রামজান মেওয়াতী। ১৫ দিনের সফরে তাঁর সঙ্গে থাকবেন ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল ও চণ্ডীগড় অঞ্চলের সাংগঠনিক সভাপতি এবং ‘খতিবে মেওয়াত’ হিসেবে পরিচিত মাওলানা হাকিমুদ্দিন আশরাফ উটাওড়ী।
অন্যদিকে ২২ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির। সফর শেষে ২৮ নভেম্বর তাঁর পাকিস্তানে ফিরে যাওয়ার কথা রয়েছে। আর ২৫ নভেম্বর দুই দিনের সফরে বাংলাদেশে আসবেন ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানী।
মুফতি তাকি উসমানির সফর
মুফতি মুহাম্মদ তাকি উসমানির বাংলাদেশ সফরের অন্যতম প্রধান আয়োজন রাজধানীর ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা দস্তারবন্দি সম্মেলন। ২২ নভেম্বর থেকে তিন দিনের এই সম্মেলন শুরু হবে। এছাড়া রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ১৫ সালা দস্তারবন্দী মহাসম্মেলনও তিনি অংশ নেবেন। ২৮ নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। এ সময় ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
মুফতি তাকি উসমানির সঙ্গে পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব ও মুলতানের খাইরুল মাদারিসের মুহতামিম মাওলানা হানিফ জালন্ধরীরও বাংলাদেশে আসার কথা রয়েছে।
পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি মুফতি তাকি উসমানি হাদিস, ফিকহ ও ইসলামি অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিকভাবে সুপরিচিত। তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতিও। সমকালীন ইসলামি অর্থনীতি ও ফিকহি গবেষণায় তাঁর অবদান আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে সমাদৃত।
দেওবন্দের মুহতামিমের সফর
২৫ নভেম্বর বাংলাদেশে আসবেন মুফতি আবুল কাসেম নোমানী। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কওমি মাদরাসার আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
সফর বাস্তবায়ন কমিটির জ্যেষ্ঠ সদস্য ও খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ জানান, সফরকালে মুফতি আবুল কাসেম নোমানীর রাজধানীর ফরিদাবাদ মাদরাসা, টেকনাফের নীলা মাদরাসা ও চট্টগ্রামের নানুপুর মাদরাসাসহ কয়েকটি প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। ২৭ নভেম্বর ঢাকা ত্যাগ করে দেওবন্দে ফিরে যাবেন তিনি।
মুফতি আবুল কাসেম নোমানী দারুল উলুম দেওবন্দের বর্তমান মুহতামিম ও শাইখুল হাদিস। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী শিক্ষা, হাদিসচর্চা ও দাওয়াতি কার্যক্রমে তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। এর আগে গত আগস্টে চার দিনের সফরে বাংলাদেশে এসে রাজধানীর মালিবাগ, বসুন্ধরা ও আরজাবাদ মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি।
১৫ দিনের সফরে আসছেন শতবর্ষী মেওয়াতী
তিন আলেমের মধ্যে সবচেয়ে দীর্ঘ সফর নিয়ে বাংলাদেশে আসছেন শতবর্ষী আলেম ও আধ্যাত্মিক সাধক হাজী মিয়াজী মুহাম্মদ রামজান মেওয়াতী। আগামী ১৬ নভেম্বর শুরু হতে যাওয়া তাঁর ১৫ দিনের সফরে সঙ্গী হবেন ভারতের প্রখ্যাত বক্তা ও সংগঠক মাওলানা হাকিমুদ্দিন আশরাফ উটাওড়ী।
হাজী মিয়াজী মুহাম্মদ রামজান মেওয়াতী শায়খুল ইসলাম মাওলানা সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ.-এর খলিফা। এ ছাড়া মাওলানা আবদুল কাদির রায়পুরী, শায়খুল হাদিস মাওলানা জাকারিয়া কান্ধলভী ও মাওলানা আবদুল আজিজ রায়পুরীর মতো উপমহাদেশের প্রখ্যাত আলেম ও বুযুর্গদের সান্নিধ্য লাভ করেছেন তিনি।
দাওয়াত ও তাবলিগের কাজের সঙ্গেও তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ ইলিয়াস কান্ধলভী রহ.-এর সান্নিধ্য লাভের পাশাপাশি মাওলানা মুহাম্মদ ইউসুফ কান্ধলভী ও মাওলানা ইনআমুল হাসান কান্ধলভীর সঙ্গে দীর্ঘ সময় দাওয়াতি কাজে যুক্ত ছিলেন। ভারতের মেওয়াত অঞ্চলে দীনি শিক্ষার প্রসার, আলেম তৈরির উদ্যোগ এবং সাধারণ মানুষের মধ্যে দীনি সচেতনতা সৃষ্টিতে তাঁর ভূমিকা রয়েছে।
বর্তমানে মেওয়াতের মালেব এলাকায় মাদরাসা ফয়জুল উলুমের মাধ্যমে দ্বীনি শিক্ষা ও আত্মশুদ্ধির কার্যক্রম পরিচালনা করছেন তিনি। তাঁর সফরসঙ্গী মাওলানা হাকিমুদ্দিন আশরাফ উটাওড়ী জমিয়তে উলামায়ে হিন্দের হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল ও চণ্ডীগড় অঞ্চলের সাংগঠনিক সভাপতি। পাশাপাশি তিনি তাওড়ুর খারখড়িতে অবস্থিত জামিয়া ইলিয়াসিয়া ইশাআতুল উলুমের মুহতামিম।
সফরকালে তাঁরা দেশের বিভিন্ন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, শীর্ষ আলেমদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় এবং বিভিন্ন ইসলাহি মাহফিলে অংশ নেবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আইও/