রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফের দুই ছাত্র নিখোঁজ, সন্ধানে সহায়তার আবেদন অনুদানের প্রলোভনে প্রতারণা, সতর্ক করল জামিয়া ইমদাদিয়া বিভেদ ভুলে ঐক্যের ডাক মুফতি শামসুল ইসলাম জিলানীর গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় হাটহাজারী মাদরাসায় উৎসবমুখর পরিবেশ সিরাতের ওপর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, ওমরাহসহ ৫ লক্ষাধিক টাকার পুরস্কার হজ নিবন্ধনের আগে যেসব বিষয় যাচাই করতে হবে হজের পর অভিনয় ছেড়ে দীনের পথে হাসান মাসুদ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ

ওমিক্রন আতঙ্ক: দেশের সব প্রবেশপথে সতর্কবার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান নতুন সংস্করণ ওমিক্রন নিয়ে সারা দেশের বিমান, সমুদ্র ও স্থলবন্দরসহ সব প্রবেশপথে সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একইসাথে সবাইকে নিয়মিত মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়াসহ ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার দুপুরে দেশের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এসব কথা জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ বুলেটিন উপস্থাপন করেন। তিনি বলেন, আমরা সবাই জেনেছি ‘ওমিক্রন’ নামক দক্ষিণ আফ্রিকা থেকে উৎপন্ন করোনার একটি নতুন ভ্যারিয়েন্টকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে। ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের সব পোর্ট অব এন্ট্রিতে নির্দেশনা দিয়েছি।

নাজমুল ইসলাম বলেন, জাতীয় কারিগরি কমিটি, ন্যাশনাল ইমুনাইজেশন টেকনিক্যাল কমিটিসহ (নাইট্যাগ) স্বাস্থ্য কর্মকর্তারা বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা ও সভা করছেন। তারা বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করছেন। তাদের সুপারিশের ভিত্তিতে সবার নিরাপত্তা দেয়ার জন্য যে সমস্ত কার্যকরী উদ্যোগ নিতে হয় সেগুলো আমরা নেব। আমরা সবার সহযোগিতা নিয়ে এটি মোকাবিলা করতে চাই, করোনা মোকাবিলা করতে চাই।

সতর্কবার্তায় স্বাস্থ্য বিভাগের মুখপাত্র আরো বলেন, কোনো অবস্থাতেই আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। যেকোনো সময়েই সংক্রমণ বেড়ে যেতে পারে। তাই সংক্রমণ মোকাবিলায় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও শিষ্টাচার মেনে চলতে হবে। নাক-মুখ ঢেকে সঠিক নিয়মে মাস্ক পরতে হবে এবং নিয়মিত সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় হাত ধুতে হবে।

বর্তমানে দেশের সংক্রমণ পরিস্থিতির তথ্য উল্লেখ করে এ মুখপাত্র বলেন, গত এক সপ্তাহে আমরা যদি দেশের সংক্রমণ পরিস্থিতি দেখি, ১ লাখ ২৫ হাজার ৫৮৫টি পরীক্ষা গত সাতদিনে হয়েছে, যা পূর্ববর্তী সপ্তাহের চেয়ে তিন শতাংশের মতো কম। আর এই ৭ দিনে ১ হাজার ৬৯০ জন করোনা শনাক্ত হয়েছে, যা পূর্ববর্তী সাত দিনের চেয়ে ৪ দশমিক ৯০ শতাংশ বেশি। একইসঙ্গে গত ৭ দিনে দেশে ২৯টি মৃত্যু রেকর্ড হয়েছে, যা পূর্ববর্তী ৭ দিনের চেয়ে একটি বেশি।

স্বাস্থ্য অধিদফতরের ওই মুখপাত্র আরো বলেন, সামগ্রিকভাবে বিগত ৭ দিনের যে সংক্রমণ পরিস্থিতি, সেটি শতকরা শনাক্তের হিসাবে ২ শতাংশের নিচে আছে। শনিবার (২৭ নভেম্বর) ১৫৫টি নমুনা পজিটিভ পাওয়া গেছে, যা শতকরা হিসাবে শনাক্তের হার ১.১৫ শতাংশ। সব মিলিয়ে গত ৩০ দিনে আমরা সংক্রমণের নিম্নগতি লক্ষ্য করেছি।

জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সময়ের বিবেচনায় আমরা দেখি যে, জুলাই মাস ছিল সবচেয়ে বেশি সংখ্যক রোগী শনাক্তের মাস এবং নভেম্বর মাসের ২৭ তারিখ পর্যন্ত ৬ হাজার ৪০ জন রোগী শনাক্ত করা সম্ভব হয়েছে।

শনাক্তের দিকে শীর্ষ দশটি জেলার বিবেচনায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে কক্সবাজার জেলা। সেখানে ২৩ হাজার ৩৩৮ জন রোগী শনাক্ত হয়েছে এবং বরাবরের মতোই শীর্ষে রয়েছে ঢাকা জেলা, যেখানে ৫ লাখ ২৯ হাজার ৪৭৯ জন রোগী শনাক্ত হয়েছে।

বন্দর পরিস্থিতি উল্লেখ করে নাজমুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে বিমান, সমুদ্র ও স্থলবন্দরগুলো দিয়ে সর্বমোট ৯ হাজার ৫৯০ জন যাত্রী দেশে প্রবেশ করেছে। আর তার সিংহভাগই এসেছে আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। তাদের প্রত্যেককেই যথাযথ স্ক্রিনিং করার পর প্রয়োজন অনুযায়ী আইসোলেশন বা যাদের কোয়ারেন্টাইনে পাঠানোর প্রয়োজন তাদের আমরা পাঠিয়েছি। আমরা মনে করি, করোনা প্রতিরোধে নির্ধারিত স্বাস্থ্যবিধি আমাদের মানতেই হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ