আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে আবারও জরুরি চিকিৎসা সরঞ্জাম সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দেয়া সহায়তায় স্বাস্থ্যসেবাদানকারী পেশাজীবীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ও রোগীদের শরীরের অক্সিজেন মাত্রা নিরূপণের যন্ত্র অক্সিমিটার রয়েছে।
সোমবার (৭ জুন) বাংলাদেশে মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত বাংলাদেশকে করোনা মোকাবিলায় ৮ কোটি ৪০ লাখ ডলারের বেশি স্বাস্থ্য সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ঢাকাকে কবে নাগাদ ভ্যাকসিন সহযোগিতা করবে ওয়াশিংটন— সে বিষয়ে বার্তায় স্পষ্ট করে কিছু বলা হয়নি।
জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আমেরিকা) তৌফিক ইসলাম শাতিল, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ইআরডি) কবির আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জরুরি চিকিৎসা সরঞ্জামের মধ্যে স্বাস্থ্যসেবাদানকারী পেশাজীবীসহ অন্যান্য সম্মুখসারির কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম রয়েছে। এছাড়া রোগীর শরীরের অক্সিজেন মাত্রা নিরূপণ করার যন্ত্র অক্সিমিটারও সহায়তা হিসেবে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। অক্সিমিটার ব্যবহার করে করোনায় আক্রান্ত রোগীদের শরীরের অক্সিজেনের মাত্রা সহজেই নিরূপণ করা যাবে, ফলে তাদের দ্রুত উপযুক্ত স্বাস্থ্যসেবা ও চিকিৎসা দেয়া সম্ভব হবে বলে উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।
রাষ্ট্রদূত মিলার বলেন, ‘বিগত ৫০ বছর ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। বর্তমান সংকট শেষ না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের সঙ্গে থেকে এই মহামারি মোকাবিলায় লড়াই চালিয়ে যাব’।
বিজ্ঞপ্তিতে ভ্যাকসিন সহযোগিতা বিষয়ে বলা হয়, এর আগে গত ৩ জুন হোয়াইট হাউজ চলতি মাসের মধ্যে বিশ্বব্যাপী ৮০ কোটি ডোজ আমেরিকান ভ্যাকসিন সরবরাহের অংশ হিসেবে বাংলাদেশকেও সরাসরি ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনার কথা ঘোষণা করেছিল। এর মধ্যে এশিয়ার জন্য বরাদ্দকৃত ৭০ লাখ ডোজ ভ্যাকসিনও রয়েছে।
-এএ