আওয়ার ইসলাম: লক্ষীপুরের পালেরহাট পাবলিক হাইস্কুলের ছাত্রী হিরা মনিকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি যশোরের ছাত্রনেতা ইব্রাহিমকে ফিরিয়ে দেয়ার দাবি করছেন।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
লক্ষীপুরের পালেরহাট পাবলিক হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী হিরা মনিকে পাশবিক নির্যাতন করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
রিজভী বলেন, বাংলাদেশে কোথাও নিরাপত্তা নেই। বিরোধী মত, বিরোধীর চিন্তারমানুষকে রাতের অন্ধকারে যেকোনো সময় গ্রেপ্তার করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। যশোরে ছাত্রদল নেতা ইব্রাহিমকে সকলের সামনে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। এখন পর্যন্ত তার কোনো খোঁজ নেই। আমরা অবিলম্বে ইব্রাহিমকে ফেরত দেয়ার দাবি করছি।
তিনি বলেন, হিরা মনির ওপর যারা নির্যাতন চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। করোনার মধ্যেও ছাত্রদল, যুবদলের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। করোনার মধ্যেও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ত্রাণ বিতরণ করেছে। এ সময় ছাত্রদল যুবদলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। নির্যাতন করা হচ্ছে কারাগারে পাঠানো হচ্ছে। এরকম চলতে থাকলে করোনার মধ্যেও আমরা রাস্তার তোমরা আন্দোলন গড়ে তুলব।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এই সরকার কয়েকটি দর্শন চালু করেছে। রাষ্ট্র দর্শন। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে। অর্থনীতির ক্ষেত্রে ক্যাসিনো চালু করছে। সামাজিক ক্ষেত্রে নারী নির্যাতন, ধর্ষণ চালু করেছে। রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র হত্যা করে নবউদ্যমে বাকশাল চালু করেছে। এই হচ্ছে সে প্রধানমন্ত্রী ও সরকারের রাষ্ট্রদর্শন। এই দর্শন প্রতিষ্ঠা করতে গিয়ে কত হীরা মনিকে ধর্ষণের শিকার হতে হয়েছে শালীনতা হয়েছে এর কোনো ইয়ত্তা নেই।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, করোনা মোকাবিলা করতে পারেন নাই। ৭১ শতাংশ হাসপাতলে নিরাপত্তাকর্মীকে নিরাপত্তা না দিতে পারায় করোনা চিকিৎসা দেয়া যায়নি। ৮২ পার্সেন্ট স্বাস্থ্যকর্মীকে করোনা মোকাবিলার কোনো যন্ত্রপাতি দিতে পারেন নাই। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সবচাইতে কম করোনা পরীক্ষা করা হয়েছে। দুর্নীতির পরিমণ্ডল রচিত হয় যেখানে সেখানে করো না মোকাবিলা করা যায় না। আওয়ামী লীগের নেতাকর্মীরা, মন্ত্রীর ছেলেরা দুর্নীতির সাথে জড়িত। এ সত্য লেখার কারণে রাতের অন্ধকারের রাহা মাহমুদা পলিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।
-এএ