নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় জাতি শঙ্কিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। তিনি বলেছেন, আওয়ামী লীগের প্রত্যাবর্তন মানে জুলাই যোদ্ধাদের জীবন আবারও অনিশ্চয়তার মুখে পড়া। এজন্য সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে দলটি।
বুধবার (২৫ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সাপ্তাহিক সভায় তিনি এসব কথা বলেন।
শেখ ফজলুল করীম মারুফ বলেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। এরপর শেখ হাসিনা পালিয়ে দিল্লিতে আশ্রয় নেন। দুই বছর পেরিয়ে গেলেও নতুন করে দেশে ফেরার স্বপ্ন দেখছেন তিনি। ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে শেখ হাসিনা এ দেশের জনগণকে মানুষ হিসেবে গণ্য করেননি। দেশ থেকে বিতাড়িত হওয়ার পরও তার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। অথচ শেখ হাসিনার পক্ষ থেকে ডিসেম্বরে দেশে ফেরার ইঙ্গিত দেওয়া হচ্ছে। তার পাসপোর্ট নবায়নের আবেদনও করা হয়েছে। রয়টার্সের আজকের প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর ২০২৬ তিনি দেশে ফিরবেন এবং এ জন্য বাংলাদেশ থেকে বিমান চেয়েছেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সরকার এসব বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল নয়।
মারুফ বলেন, সরকারের মনে রাখতে হবে, আওয়ামী লীগের প্রত্যাবর্তন মানে জুলাই যোদ্ধাদের জীবন অনিশ্চিত হয়ে পড়া। জুলাই সনদ বাস্তবায়ন না করার কারণেই আওয়ামী লীগের এমন আস্ফালন দেখতে হচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহসভাপতি আলহাজ আনোয়ার হোসেন ও আলহাজ আবদুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম খোকন, মাওলানা কামাল হোসাইন, বেলাল হোসেন আরিফ, টিএম মাহফুজ, মুফতি ওমর ফারুক, প্রচার সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক আকন ও দাওয়াহ সম্পাদক আল-আমীন আল ইহসান প্রমুখ।
এসএইচ/