নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডে ৭৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে অসুস্থ শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে জমিয়তের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব আহ্বান জানান।
বিবৃতিতে তাঁরা বলেন, সাইনবোর্ড-সংলগ্ন শান্তিধারা এলাকার জামিয়া আশরাফিয়া মাদরাসার দ্বিতীয় তলার লাইব্রেরি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীরা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।
জমিয়তের নেতারা অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিরপেক্ষভাবে অনুসন্ধানের দাবি জানিয়ে বলেন, মাদরাসাসহ সব আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তাঁরা।
বিবৃতিতে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি তাঁদের পরিবার ও শিক্ষকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন জমিয়তের সভাপতি ও মহাসচিব।
এসএইচ/