সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮


এলপিজির দাম বাড়িয়ে সরকার দুর্বৃত্তদের পক্ষ নিয়েছে: গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করে এলপিজির দাম বাড়ানো হয়েছে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, বাজার কারসাজির কারণে সৃষ্ট সংকট সমাধানে কার্যকর ব্যবস্থা না নিয়ে সরকার বরং দাম বাড়িয়ে দুর্বৃত্তদের পক্ষ নিয়েছে।

সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করে গতকাল সন্ধ্যা থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। অথচ গত মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। চলতি বছরের জানুয়ারিতে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে দাম ১০৩ টাকা বাড়ানো হয়। যুদ্ধ শুরুর পর এপ্রিলে দুই দফায় ৫৯৯ টাকা বাড়ানো হয়। জুন ও জুলাইয়ে প্রায় ৪০০ টাকা কমানো হলেও আগস্টে আবার ৭০ টাকা বাড়ানো হয়। সেপ্টেম্বরে ১৩ টাকা কমানোর পর এবার এক লাফে ২৫২ টাকা বাড়ানো হয়েছে।

ইসলামী আন্দোলনের মহাসচিব দাবি করেন, এলপিজি সরবরাহের তথ্য বিশ্লেষণ করলে গ্যাসের কোনো সংকট ছিল না। বাজার কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। অথচ সরকার কারসাজি বন্ধে ব্যবস্থা না নিয়ে সংশ্লিষ্টদের চাহিদা অনুযায়ী দাম বাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, দেশের প্রায় এক কোটি মানুষ রান্নার কাজে এলপিজি ব্যবহার করেন। ফলে এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব কোটি মানুষের জীবনযাত্রায় পড়বে। দুর্বৃত্তদের চাহিদা অনুযায়ী দাম বাড়িয়ে জনগণের দুর্ভোগ বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকারকে বাজার কারসাজির সঙ্গে জড়িতদের প্রতিহত করতে হবে। অবিলম্বে এলপিজির বর্ধিত দাম কমাতে হবে এবং যারা কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ