শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮


হেফাজতের কাছ থেকে জামায়াতকে শিখতে বললেন রাশেদ খাঁন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

ইসলামি মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ইসলাম বাংলাদেশের কাছ থেকে জামায়াতে ইসলামীকে শেখা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জাতীয় নির্বাচনের আগে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ইসলামী মূল্যবোধসম্পন্ন বক্তব্য দিয়েছেন। বিশেষ করে ইসলামকে পুঁজি করে ও ইসলামী লেবাস ধারণ করে যারা ইসলামের ক্ষতি করছেন, তিনি তাদের কর্মকাণ্ড তুলে ধরেছেন। এতে বিভ্রান্ত অনেক মানুষ সচেতন হয়েছেন।

তিনি বলেন, নির্বাচনের আগে ‘জান্নাতের টিকিট’ বিতরণের নামে মানুষকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছিল, তা থেকে জনগণকে সচেতন করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরকে ধন্যবাদ জানাই। বিএনপির পক্ষ থেকেও তাকে ধন্যবাদ জানাই। ইসলামের প্রচার ও প্রসারে হেফাজতে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জামায়াতে ইসলামীর উদ্দেশে রাশেদ খাঁন বলেন, ‘যারা ইসলামের কথা বলছেন, বিশেষ করে জামায়াতে ইসলামীকে পরামর্শ দেব—ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ইসলামের কাছ থেকে শিখুন। আপনারা ইসলাম ও ইসলামী মূল্যবোধ থেকে যোজন যোজন দূরে সরে গেছেন। দেশের জনগণ জামায়াতের কাছ থেকে এমনটা প্রত্যাশা করে না।’

তিনি আরও বলেন, একদিকে জামায়াত ইসলামের কথা বলছে, অন্যদিকে তাদের কর্মকাণ্ড ও বক্তব্যের সঙ্গে ইসলামের একধরনের বৈসাদৃশ্য রয়েছে। জামায়াতে ইসলামী নিজেদের ইসলামী রাজনীতির অনুসারী বলে দাবি করে এবং শরিয়াহ আইন প্রতিষ্ঠার কথা বলে। তাই ইসলামী মূল্যবোধের কথা বলে ইসলামের ক্ষতি না করার আহ্বান জানান তিনি।

রাশেদ খাঁনের ভাষ্য, মাঠে-ময়দানে জামায়াতে ইসলামী যেসব রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, তা নিয়ে জাতি বিভ্রান্ত হচ্ছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রাষ্ট্র পুনর্গঠনের পরিবর্তে জামায়াত বর্তমানে ইসলামকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী তাকে জানিয়েছেন, বর্তমান সরকারকে সবার সহযোগিতা করা উচিত। একই সঙ্গে সাত মাসের এই সরকারের বিরুদ্ধে সহযোগিতা না করে কেন লংমার্চ করা হচ্ছে—সে প্রশ্নও তিনি তুলেছেন।

তিনি বলেন, যারা একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদকে হটিয়েছেন, তাদের সবার দায়িত্ব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রেখে রাষ্ট্র পুনর্গঠন করা।

জামায়াতের সমালোচনা করে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বর্তমানে রাষ্ট্র পুনর্গঠনে যথেষ্ট মনোযোগ দিচ্ছে না। বরং ইসলামকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে রাশেদ খাঁন বলেন, জামায়াতের কথিত ‘মুনাফিকি আচরণের’ বিরুদ্ধে অবস্থান নিয়ে হেফাজতে ইসলাম জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে। এ জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরসহ সংগঠনটির নেতাদের ধন্যবাদ জানান তিনি।

সৌজন্য সাক্ষাতের সময় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ