নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দর থানার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল আমিন বুলবুল হত্যাকাণ্ডের বিচার ও হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
তিনি শহীদ জাহিদ আল আমিন বুলবুল হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করে অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
পীর সাহেব চরমোনাই বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি জনমনে গভীর উদ্বেগ ও অনিরাপত্তার জন্ম দিয়েছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই খুন, ধর্ষণ, চুরি ও ছিনতাইয়ের খবর পাওয়া যাচ্ছে। প্রশাসন অনেক অপরাধীকে গ্রেপ্তার করলেও তারা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে।
তিনি বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল জাহিদ আল আমিন বুলবুলের হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় জ্বালানি তেল ও গ্যাসের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রায় যে সংকট সৃষ্টি হয়েছে, তা তুলে ধরে সরকারকে জনবান্ধব সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে প্রধান বক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, শহীদ বুলবুলের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। হত্যাকারীদের যথাযথ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি বলেন, সরকার যদি অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে কালক্ষেপণ বা টালবাহানা করে, তাহলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
দেশজুড়ে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সংবিধান ও আইন সংসদে শুধু চর্চা না করে রাষ্ট্রীয়ভাবে তা যথাযথভাবে প্রয়োগ করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম।
আইও/