নিজস্ব প্রতিবেদক
পবিত্র কুরআন শরিফ নিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ। একই সঙ্গে বক্তব্যটি প্রত্যাহার করে এ বিষয়ে জাতির কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মাওলানা মহিউদ্দীন রাব্বানী এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত আইনমন্ত্রীর একটি বক্তব্যে বলা হয়েছে—‘আমি কুরআনের আলোকে সংবিধান রচনা করতে পারি, কিন্তু কুরআনকে সংবিধান হিসেবে মানা উচিত হবে না।’ তার ভাষায়, এ বক্তব্য অত্যন্ত আপত্তিকর এবং মুসলমানদের ঈমান-আকীদার মৌলিক বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক।
মাওলানা রাব্বানী বলেন, কুরআন মাজিদ কোনো মানুষের তৈরি সংবিধান নয় যে রাষ্ট্রীয় প্রয়োজন বিবেচনায় তা গ্রহণ বা বর্জন করা হবে। কুরআন মহান আল্লাহর কালাম। মুসলমানের কাছে কুরআনের প্রতি ঈমান কোনো রাজনৈতিক পছন্দ-অপছন্দের বিষয় নয়; এটি ঈমানের অবিচ্ছেদ্য অংশ।
তিনি আরও বলেন, মানুষের তৈরি সংবিধান পরিবর্তন ও সংশোধনযোগ্য হলেও আল্লাহর নাজিলকৃত কুরআনের বিধান মানুষের ইচ্ছা-অনিচ্ছা কিংবা রাজনৈতিক সুবিধা-অসুবিধার ভিত্তিতে নির্ধারণ করা যায় না। কুরআনের বিধান নিয়ে কোনো অস্পষ্টতা, অবজ্ঞা বা বিভ্রান্তিকর বক্তব্য গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন ব্যক্তির বক্তব্যের ক্ষেত্রে আরও দায়িত্বশীলতা প্রয়োজন। প্রচারিত বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রীকে অবিলম্বে তার অবস্থান জাতির সামনে স্পষ্ট করতে হবে।
মাওলানা রাব্বানী আরও বলেন, বক্তব্যটি যথার্থ হয়ে থাকলে তা প্রত্যাহার করে তওবা করতে হবে এবং মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।
এসএইচ/