নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও শাখার নেতারা নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবদুল হক কাওসারীর সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ও সহসাধারণ সম্পাদক মাওলানা আবুল বশার কাসেমী।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ও মুফতি শেখ মজিবুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা আবদুল মালেক চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা জিয়াউল হক কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির।
সম্মেলনে পটুয়াখালীর বিভিন্ন উপজেলা ও শাখার সভাপতি-সাধারণ সম্পাদকরা নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেন। তারা মাঠপর্যায়ের কার্যক্রম, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সম্মেলনে অবহিত করেন।
বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং দায়িত্বশীলদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম ও ছাত্র জমিয়তের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আইও/