নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে পেটের একটি পীড়ায় ভুগছিলেন। সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফিরেন।
মাওলানা উসমান ফয়েজীর ছেলে মাওলানা এখলাস ফয়েজী বিষয়টি নিশ্চিত করেছেন। তার ইন্তেকালে মেখল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজা ও দাফনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল এলাকায় অবস্থিত জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদরাসা দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি চট্টগ্রামের দীনি শিক্ষা ও ইসলামী জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
মাওলানা উসমান ফয়েজী মেখল মাদরাসার সাবেক মুহতামিম আল্লামা নোমান ফয়েজী রহ.-এর ছোট ভাই। আল্লামা নোমান ফয়েজীর ইন্তেকালের পর মাদরাসার মুহতামিম পদ শূন্য হলে এক জরুরি বৈঠকে মাওলানা উসমান ফয়েজীকে নতুন মুহতামিম নির্বাচিত করা হয়।
তিনি মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ রহ.-এর ছোট নাতি। পারিবারিকভাবেও তিনি দেশের সুপরিচিত আলেম পরিবারের সদস্য ছিলেন।
আইও/